উত্তরায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার
Published : ১৬:৩৫, ১৩ নভেম্বর ২০২৬
রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিরাজ উদ্দিন মিয়া (৫০)।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে তুরাগ থানাধীন শুক্রভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, মিরাজ উদ্দিন মিয়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। রেকর্ডপত্র পর্যালোচনায় তিনি উত্তরা পূর্ব থানার একটি মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


































