‘ডন ৩’ বিতর্কে আদালতে রণবীর
Published : ১৯:৪১, ২৪ আগস্ট ২০২৬
বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন ৩’ থেকে অভিনেতা রণবীর সিংয়ের সরে দাঁড়ানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ আদালত পর্যন্ত গড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির দাবি করা ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের বিপরীতে ভারতীয় মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) মধ্যস্থতা মানতে নারাজ রণবীর।
রণবীরের অবস্থান হলো, পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান না এলে বিষয়টির নিষ্পত্তি আদালতেই হওয়া উচিত।
গত ১৮ আগস্ট ইম্পার সঙ্গে একটি বৈঠকে বসেন রণবীরের বাবা ও প্রতিনিধি জগজিৎ সিং ভবনানি। বৈঠকের পর রণবীরের আইনি দল ইম্পাকে চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে।
চিঠিতে প্রযোজকদের ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি সরাসরি প্রত্যাখ্যান করা হয়। একই সঙ্গে ব্যক্তিগত আইনি বিরোধ নিষ্পত্তিতে ইম্পার বিচারিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেতার আইনজীবীরা।
রণবীরের আইনি দলের দাবি, এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে অভিনেতার কেবল একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছিল। এটি কোনো চূড়ান্ত ও বাধ্যতামূলক চুক্তি ছিল না। ফলে চূড়ান্ত চুক্তি না থাকলে ক্ষতিপূরণের অভিযোগের আইনগত ভিত্তিও দুর্বল বলে মনে করছেন তারা।
আইনজীবীরা ইম্পাকে অভিযোগটি খারিজ করার আহ্বান জানিয়েছেন। অন্যথায় আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে অবস্থান নিয়েছে রণবীরের পক্ষ।
২০২৩ সালে জাঁকজমকপূর্ণভাবে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির নতুন মুখ হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়। তবে চিত্রনাট্য নিয়ে অসন্তোষ এবং সৃজনশীল মতপার্থক্যের কারণে শুটিং শুরুর শেষ পর্যায়ে তিনি প্রকল্পটি থেকে সরে দাঁড়ান বলে জানা গেছে।
রণবীরের আকস্মিক সরে দাঁড়ানোর ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির দাবি তুলে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি প্রযোজক সমিতির দ্বারস্থ হন এবং ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন।


































