টাইগার শ্রফের হাতে গুলির ছররার দাগ, প্রকাশ্যে ভিডিও

টাইগার শ্রফের হাতে গুলির ছররার দাগ, প্রকাশ্যে ভিডিও ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৬:১৯, ২২ অক্টোবর ২০২৬

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর তাঁর হাতে গুলির ছররার আঘাতের চিহ্ন প্রকাশ্যে এসেছে। অভিনেতার দলের পক্ষ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে তাঁর হাতে ছোট ছোট দাগ ও লালচে চিহ্ন দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ঈশ্বর দয়ালু’।

গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল স্টেডিয়াম থেকে গাড়িতে বের হওয়ার সময় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা তাঁর গাড়ি লক্ষ্য করে সাতটি গুলি ছোড়ে। এর মধ্যে পাঁচটি গুলি গাড়িতে লাগে। এ ঘটনায় অভিনেতার গাড়িচালকসহ দুজন আহত হন।

হামলার পর টাইগারের শরীরে গুলির আঘাত লেগেছিল কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। ঘটনার পর তাঁর শরীর ব্যান্ডেজে ঢাকা কয়েকটি ছবি প্রকাশ্যে আসে। তবে দুই দিন পর তাঁর ত্বকে আঘাতের চিহ্ন নেই—এমন কিছু ছবি ছড়িয়ে পড়লে হামলার ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। নতুন ভিডিওটিকে সেই সমালোচনার জবাব হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গুলিবর্ষণের পর আহত গাড়িচালক গাড়ি থেকে নেমে গেলে দুই বন্দুকধারী মোটরসাইকেলে পালিয়ে যায়। তাদের তৃতীয় সহযোগী মোটরসাইকেলটি প্রস্তুত রেখেছিল বলে জানা গেছে। এ সময় টাইগার নিজেই চালকের আসনে বসে আহত ব্যক্তিকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২২ বছর বয়সী ঋত্বিক ওরফে রোশন, ১৮ বছর বয়সী রেহান এবং ১৮ বছর বয়সী ফুল সিংকে রাজস্থানের কোটা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

ঘটনা নিয়ে টাইগার শ্রফ এখনো প্রকাশ্যে বিস্তারিত বক্তব্য দেননি। তবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছে। হামলার নিন্দা জানিয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। তাঁদের মধ্যে রয়েছেন সুনীল শেঠি, রণবীর শোরে, আমাল মালিক ও মিকা সিং। তাঁরা ঘটনার দ্রুত বিচার এবং টাইগার ও তাঁর পরিবারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ
Advertisement