নেপালকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
Published : ১৭:২৬, ২৮ আগস্ট ২০২৪
ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে উড়িয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা জয় করেছে বাংলাদেশ। এরআগে শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেয়েছিল বাংলাদেশ।
চতুর্থবারের চেষ্টায় বাংলাদেশ ফাইনালে সফলতার গল্প লিখলো। এর আগে ৩টি ফাইনাল খেললেও লাল-সবুজের প্রতিনিধিদের শিরোপা অধরাই ছিল।
বুধবার (২৮ আগস্ট) নেপালের আনফা কমপ্লেক্সে শিরোপা লড়াইয়ে ফাইনালে স্বাগতিকদের ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের বাংলাদেশ।
বাংলাদেশ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মিরাজুলের গোলে এগিয়ে ছিলো। দ্বিতীয়ার্ধে মিরাজুল ও রাহুলের গোলে ৭০ মিনিটে ৩-০ গোলে এগিয়ে থাকে টাইগাররা। খেলার ৮০ মিনিটে এক গোল পরিশোধ করে নেপাল।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে রেফারি ইনজুরি সময় দেয় ১০ মিনিট। নেপাল গোলের চেষ্টা করে উল্টো আরো এক গোল হজম করে। অবশেষে ৪-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
এর আগে প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিট শেষে রেফারি ২ মিনিট ইনজুরি সময় দেন। সেই ইনজুরি সময় বাংলাদেশ লিড নেয়। বক্সের বাইরে বাংলাদেশি ফরোয়ার্ড মিরাজুল ইসলামকে ফাউল করে। রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান।
বক্সের বাইরে থেকে মিরাজুল দুর্দান্ত শট নেন। বাঁকানো শটে নেপালী গোলরক্ষক সম্পূর্ণ পরাস্ত হন। সাইড পোস্টে লেগে বল জালে জড়ায়। বাংলাদেশের গোলের সঙ্গে সঙ্গে আনফা কমপ্লেক্সের গ্যালারি নীরব হয়ে যায়।
নেপালের সমর্থন পুরো স্টেডিয়ামজুড়ে ছিলো। ম্যাচের প্রথমার্ধে অবশ্য নেপালই বেশি প্রাধান্য বিস্তার করেছে। বল পজেশন ও আক্রমণে স্বাগতিকরাই এগিয়ে ছিল। গোলের সুযোগও মিস করেছে কয়েকটি। বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার আক্রমণ করলেও সেই রকম সুযোগ তৈরি করতে পারেনি।
বাংলাদেশ দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে লিড দ্বিগুণ করে। বাঁ প্রান্ত থেকে আক্রমণে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের বক্সে ফেলা ক্রস বাংলাদেশি ফরোয়ার্ড সতীর্থ মিরাজুলের উদ্দেশে পাঠান। পোস্টের সামনে ফাঁকায় দাঁড়ানো মিরাজুল হেডে বল জালে পাঠাতে ভুল করেননি।
নেপাল দুই গোলে পিছিয়ে পড়ার পর স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। বাংলাদেশ আরো আধিপত্য নিয়ে খেলেছে। ম্যাচের ৭০ মিনিটে বাংলাদেশ ব্যবধান আরো বাড়ায়। রাব্বি হোসেন রাহুল জালের দেখা পেলেন এবার। এই গোলের যোগানদাতা জোড়া গোল স্কোরার মিরাজুল। মিরাজুলের বাড়ানো বলে বক্সে আড়াআড়ি শটে গোল করেন রাহুল। সুন্দর ফিনিশিং করেন সিনিয়র দলে ডাক পাওয়া এই ফরোয়ার্ড।
নেপাল ম্যাচে অধিক সংখ্যক আক্রমণ করলেও ৮০ তম মিনিটে গোল পায়। মাঝ মাঠ থেকে বাংলাদেশ বক্সে পড়ে। গোলরক্ষক আসিফ ও ডিফেন্ডার ক্লিয়ার করতে পারেননি। বক্সে ফাকায় দাঁড়ানো নেপালী ফরোয়ার্ড হেডে জালে পাঠান।
ম্যাচের বাকি সময় নেপাল খেলায় ফেরার সর্বাত্মক চেষ্টা করে। উল্টো গোল ব্যবধান বাড়ে। অ-২০ খেলা হলেও উত্তেজনা ছিল অনেক। ৭০ মিনিটের পর নেপালী দর্শকরা বাংলাদেশি বক্সে বোতল ছুড়েছে। দুই দলের ফুটবলাররাও উত্তপ্ত ছিলেন।
বিডি/এন


































