শাস্তির ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা

শাস্তির ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০১, ৪ এপ্রিল ২০২৬

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন—এমন আশঙ্কা দেখা দিয়েছে দেশটির ফুটবল মহলে। সান্তোসের হয়ে সাম্প্রতিক এক ম্যাচে হলুদ কার্ড দেখার পর রেফারিকে নিয়ে করা তার বিতর্কিত মন্তব্যের জেরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে খেলোয়াড়দের শতভাগ ফিট থাকা জরুরি। সেই বিবেচনায় সান্তোসের হয়ে প্রতিটি ম্যাচই নেইমারের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু স্কোয়াড ঘোষণার আগেই বাকি ম্যাচগুলোর মধ্যে মাত্র একটি খেলেই তিনি কার্ডজনিত নিষেধাজ্ঞার ফাঁদে পড়েছেন।

রেমোর বিপক্ষে ম্যাচে সান্তোস ২-০ গোলে জয় পেলেও নেইমারের জন্য ম্যাচটি শেষ হয়েছে বিতর্কে। ম্যাচের ৮৬তম মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড় দিয়েগো হার্নান্দেজ পেছন থেকে কড়া ফাউল করলে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখান। এতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। পরে ম্যাচের রেফারি সাভিও পেরেইরা সাম্পাইও নেইমারকে হলুদ কার্ড দেখান।

এই কার্ডের কারণে সান্তোসের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচ ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার। অথচ এই ম্যাচটি হতে পারত নিজের ফিটনেস ও প্রস্তুতি প্রমাণের বড় সুযোগ।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়েন নেইমার। তিনি বলেন, তাকে পেছন থেকে ফাউল করা হয়েছে এবং সেটি ছিল ধারাবাহিক একাধিক ফাউলের অংশ। অভিযোগ জানাতে গিয়েই তিনি হলুদ কার্ড দেখেছেন, যা তার কাছে অন্যায্য মনে হয়েছে।

তবে মূল বিতর্ক তৈরি হয়েছে তার পরবর্তী মন্তব্যকে ঘিরে। রেফারি সাম্পাইওকে লক্ষ্য করে নেইমার অভিযোগ করেন, তার আচরণ অসম্মানজনক এবং তিনি যেন ম্যাচের কেন্দ্রবিন্দু হতে চান। খেলোয়াড়দের সঙ্গে তার ব্যবহারও সন্তোষজনক নয় এবং তিনি কারও কথা শুনতে আগ্রহী নন—এমন মন্তব্য করেন নেইমার।

তার এই বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে নারী-বিদ্বেষী ও লিঙ্গবৈষম্যমূলক হিসেবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ফলে শুধু এক ম্যাচের নিষেধাজ্ঞায় বিষয়টি সীমাবদ্ধ নাও থাকতে পারে—এমন আশঙ্কা জোরালো হয়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, দেশটির কোড অব স্পোর্টস জাস্টিস অনুযায়ী নেইমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট ২৪৩-জি অনুচ্ছেদে বর্ণ, জাতিগত পরিচয়, লিঙ্গ, গাত্রবর্ণ, বয়স বা প্রতিবন্ধকতা নিয়ে অবমাননাকর বা বৈষম্যমূলক মন্তব্যকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই ধারায় দোষী প্রমাণিত হলে নেইমার ৫ থেকে ১০ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। পাশাপাশি তার বিরুদ্ধে আর্থিক জরিমানাও আরোপ করা হতে পারে।

এর আগে একই ধরনের মন্তব্যের কারণে রেডবুল ব্রাগান্তিনোর ডিফেন্ডার গুস্তাভো মারকুইসকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেই নজির থাকায় নেইমারের ক্ষেত্রেও কঠোর শাস্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই সম্ভাব্য নিষেধাজ্ঞা তার বিশ্বকাপ খেলার স্বপ্নে বড় ধাক্কা হয়ে আসতে পারে। কারণ জাতীয় দলে ফেরার জন্য তাকে শুধু মাঠে নামলেই হবে না, বরং প্রমাণ করতে হবে তিনি পুরোপুরি ফিট এবং প্রতিযোগিতামূলক ফুটবলের জন্য প্রস্তুত।

এখন দেখার বিষয়, শাস্তির মাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। তবে এটুকু নিশ্চিত—সান্তোসে নিজের ফর্ম ও ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে থাকা নেইমারের সামনে নতুন করে তৈরি হয়েছে ক্যারিয়ারের আরেকটি অনিশ্চয়তার অধ্যায়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement