বিশ্বকাপ সামনে রেখে ফিফার বড় ৫ পরিবর্তন

বিশ্বকাপ সামনে রেখে ফিফার বড় ৫ পরিবর্তন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৩৩, ৪ এপ্রিল ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে পরিচিত এই বৈশ্বিক আসর।

টুর্নামেন্টকে আরও গতিশীল ও আকর্ষণীয় করে তুলতে এবারের আসরে ফুটবলের নিয়মে বড় ধরনের কিছু পরিবর্তনের ঘোষণা দিয়েছে ফিফা।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন সকারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপ সামনে রেখে ফিফা মোট পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আনছে। খেলার গতি বাড়ানো, অযথা সময়ক্ষেপণ কমানো এবং মাঠের রেফারিদের ওপর চাপ হ্রাস করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য।

ফিফার ঘোষিত নতুন পাঁচ নিয়মের মধ্যে প্রথমটি হলো—খেলা দ্রুত শুরু করার বাধ্যবাধকতা। গোলকিক বা থ্রো-ইনের সময় দলগুলো যেন অযথা দেরি করতে না পারে, সে জন্য সর্বোচ্চ পাঁচ সেকেন্ডের মধ্যে বল খেলায় ফেরাতে হবে। নির্ধারিত সময়ের বেশি দেরি হলে বলের দখল প্রতিপক্ষ পাবে।

দ্বিতীয় নিয়মটি খেলোয়াড় বদল সংক্রান্ত। ম্যাচ চলাকালে সময় নষ্ট ঠেকাতে বদলি হওয়া খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। এর বেশি সময় নিলে বদলি খেলোয়াড়কে মাঠে ঢোকার আগে এক মিনিট অপেক্ষা করতে হবে এবং সেই সময় তার দলকে ১০ জন নিয়ে খেলতে হবে।

তৃতীয় পরিবর্তনটি খেলোয়াড়দের চিকিৎসা নিয়ে। আগে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হতো, ফলে খেলা থেমে থাকত। নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় চিকিৎসা নিতে চাইলে তাকে অন্তত এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তবে প্রতিপক্ষের ফাউলের কারণে হলুদ বা লাল কার্ড হলে এই নিয়ম প্রযোজ্য হবে না।

চতুর্থ নিয়মে ভিএআরের ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। দ্বিতীয় হলুদ কার্ড কিংবা সরাসরি লাল কার্ডের সিদ্ধান্তও এখন ভিএআরের মাধ্যমে যাচাই করা যাবে। এছাড়া কর্নার সংক্রান্ত কোনো সিদ্ধান্তে ভুলের সম্ভাবনা থাকলে সেটিও প্রযুক্তির সাহায্যে সংশোধন করা হবে।

পঞ্চম নিয়মটি রেফারির সঙ্গে যোগাযোগ নিয়ে। খেলার সময় কোনো সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানাতে পারবেন শুধুমাত্র দলের অধিনায়ক। অন্য কোনো খেলোয়াড় রেফারির কাছে গেলে সঙ্গে সঙ্গে তাকে হলুদ কার্ড দেখানো হবে।

ফুটবল বিশ্লেষকদের মতে, ফিফার এসব নতুন নিয়ম কার্যকর হলে ম্যাচে সময় নষ্ট, অপ্রয়োজনীয় নাটুকেপনা এবং বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে, ফলে খেলা আরও প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement