ভাড়াটেকে হেনস্থার অভিযোগে কানাডায় ভারতীয় বংশোদ্ভূত নারী গ্রেফতার

ভাড়াটেকে হেনস্থার অভিযোগে কানাডায় ভারতীয় বংশোদ্ভূত নারী গ্রেফতার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ভাড়াটেকে হেনস্থার অভিযোগে কানাডায় গ্রেফতার হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক নারী। তার বিরুদ্ধে ভাড়াটের কক্ষে জোর করে প্রবেশ, পাথর ছোড়া এবং বাড়ির বাইরে রান্না করা খাবার নষ্ট করার চেষ্টার মতো অভিযোগ উঠেছে। ঘটনাটির দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে স্থানীয় পুলিশের হাতে গ্রেফতার হন ওই নারী।

কানাডার সারের বাসিন্দা ওই নারীর নাম রাজ তিওয়ানা বলে জানা গেছে। কয়েক দিন আগে এক ভাড়াটে তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ভিডিও প্রকাশ করেন। ভিডিও দুটিতে বাড়ির মালিক ও ভাড়াটের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা এবং হাতাহাতির দৃশ্য দেখা যায়।

প্রথম ভিডিওতে দেখা যায়, বাড়ির বাইরে খোলা জায়গায় গ্রিল করে স্টেক রান্না করছিলেন ওই ভাড়াটে। এ সময় সেখানে উপস্থিত হন রাজ তিওয়ানা। তিনি চিৎকার করে দাবি করেন, তার সম্পত্তিতে এভাবে রান্না করা যাবে না। একপর্যায়ে গ্রিল থেকে রান্না করা মাংস ফেলে দেওয়ারও চেষ্টা করেন তিনি।

ভাড়াটে তাকে বোঝানোর চেষ্টা করেন যে, বাড়ির বাইরের নির্দিষ্ট জায়গাতেই তারা রান্না করছেন। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। বরং রাজ পুলিশ ডাকার হুমকি দেন বলে ভিডিওতে দেখা যায়।

দ্বিতীয় ভিডিওতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ করা হয়েছে, রাজ তিওয়ানা ভাড়াটের কক্ষে ঢুকে তাকে লক্ষ্য করে পাথর ছোড়েন। ভিডিওতে ওই ভাড়াটেকে বলতে শোনা যায়, তিনি কেন তার ইউনিটে প্রবেশ করেছেন এবং তাকে সেখান থেকে চলে যেতে অনুরোধ করা হচ্ছে। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে ওই ভাড়াটে অভিযোগ করেন, বাড়ির মালিকের সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধের জেরেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে। তার দাবি, কয়েকজন জোর করে বাড়িতে প্রবেশ করেন এবং তার সম্মতি ছাড়াই তালা পরিবর্তন করে দেওয়া হয়।

‘টিওয়ানা ফার্ম সারভাইভার’ নামের একটি ইনস্টাগ্রাম পেজেও ভিডিও দুটি ছড়িয়ে পড়ে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজ তিওয়ানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। পরে স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের একটি ভিডিওও প্রকাশ্যে এসেছে, যেখানে তার হাতে হাতকড়া পরানো অবস্থায় দেখা যায়।

তবে এখনো স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাজ তিওয়ানাকে বর্তমানে কোথায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন ধারায় মামলা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

শেয়ার করুনঃ
Advertisement