যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে বহির্গামী ফ্লাইট বন্ধের নির্দেশ
Published : ১০:৫৪, ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের আকাশপথে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় দেশটির সব বিমানবন্দর থেকে বহির্গামী ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
আকস্মিক এ সিদ্ধান্তের ফলে দেশজুড়ে হাজার হাজার ফ্লাইটের সময়সূচিতে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) এফএএ এ নির্দেশ জারি করে।
নির্দেশের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে অচলাবস্থা তৈরি হয়। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি বিমান সংস্থাগুলোর নিয়মিত কার্যক্রমও ব্যাহত হয়।
এফএএ জানিয়েছে, দেশটির বিভিন্ন এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারের মধ্যে যোগাযোগে সমস্যা দেখা দেয়। এসব নিয়ন্ত্রণকেন্দ্র আকাশপথে উড়োজাহাজের চলাচল পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে। যোগাযোগব্যবস্থার ত্রুটির কারণে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সব বহির্গামী ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে নির্দেশ জারির আগেই যেসব উড়োজাহাজ আকাশে ছিল, সেগুলোকে নিজ নিজ গন্তব্যে অবতরণের অনুমতি দেওয়া হয়। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিস্থিতি ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় এফএএ।
সংস্থাটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলাচলরত সব উড়োজাহাজের অবস্থান সম্পর্কে তাদের কাছে প্রয়োজনীয় তথ্য রয়েছে। ফলে আকাশে থাকা কোনো উড়োজাহাজের অবস্থান নিয়ে কর্তৃপক্ষ অন্ধকারে নেই।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, আকাশে থাকা সব ফ্লাইটের অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত রয়েছে। তাই এ পরিস্থিতিতে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ঘটনার পেছনে কোনো পরিকল্পিত হামলা বা নাশকতার আলামত পাওয়া যায়নি। আপাতত বিষয়টিকে টেলিযোগাযোগ ও যোগাযোগব্যবস্থার প্রযুক্তিগত ত্রুটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে প্রায় সাত হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে অথবা বাতিলের মুখে পড়েছে। অন্যদিকে, ফ্লাইটরাডার২৪-এর পরিসংখ্যান বলছে, এফএএর নির্দেশ জারির সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরের দিকে চার হাজারের বেশি উড়োজাহাজ যাত্রাপথে ছিল।
রয়টার্সের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে সব বহির্গামী ফ্লাইটের উড্ডয়ন বন্ধের নির্দেশ দেওয়ার এটি দ্বিতীয় ঘটনা।






























