নিউ অরলিন্সে প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কা, ৩২ জন হাসপাতালে

নিউ অরলিন্সে প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কা, ৩২ জন হাসপাতালে ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:০০, ১৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে নোঙর করা একটি যাত্রীবাহী প্রমোদতরীতে বড় একটি ট্যাংকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রমোদতরীটি ভারসাম্য হারিয়ে একদিকে কাত হয়ে আংশিকভাবে পানিতে ডুবে যায়।

দুর্ঘটনার পর জাহাজে থাকা যাত্রী ও ক্রুদের উদ্ধার করা হলেও ৩২ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হাসপাতালে নেওয়া কারও শারীরিক অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।

নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি ট্যাংকার ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্রমোদতরীটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার সময় প্রমোদতরীতে ১২৯ জন যাত্রী অবস্থান করছিলেন। এ ছাড়া জাহাজটিতে কর্মরত ক্রু সদস্যরাও ছিলেন। সংঘর্ষের পরপরই তাঁদের নিরাপত্তায় উদ্ধার তৎপরতা শুরু হয়।

নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো এক সংবাদ সম্মেলনে জানান, প্রমোদতরীতে থাকা সব যাত্রী ও ক্রুর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ৩২ জনকে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কারও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে মেয়র বলেন, ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রমোদতরীটিকে ধাক্কা দেয়। ওই সময় প্রমোদতরীটি নদীর ঘাটে বাঁধা ছিল এবং যাত্রীরা জাহাজ থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ট্যাংকারের ধাক্কায় জাহাজটি পানিতে তলিয়ে যেতে শুরু করে। একপর্যায়ে এটি একদিকে কাত হয়ে উল্টে যায়। এ সময় কয়েকজন যাত্রী পানিতে পড়ে যান।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার ভিডিওচিত্রে ট্যাংকারটির বিশাল আকৃতির সঙ্গে প্রমোদতরীটির আকারের পার্থক্য স্পষ্ট দেখা গেছে। সংঘর্ষে জাহাজের ধাতব কাঠামো ও কাচের বিভিন্ন অংশ ভেঙে পড়ে।

দুর্ঘটনার পর লাইফ জ্যাকেট পরা ১২ জনের বেশি যাত্রীকে নদী থেকে উদ্ধার করে আশপাশে থাকা অন্যান্য নৌযানে তোলা হয়। সে সময় মিসিসিপি নদীর পানির তাপমাত্রা ছিল প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস। উদ্ধার তৎপরতার সময় কয়েকজন যাত্রীকে প্রমোদতরীর রেলিং আঁকড়ে ধরে থাকতে দেখা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী জেমি হলফোর্ড স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর খুব দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। মাত্র ১৫ মিনিটের মধ্যেই প্রমোদতরীটি উল্টে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযানে যোগ দেন বন্দরের পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীরা। নদীতে থাকা যাত্রীদের উদ্ধারের পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement