পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৫, আহত অন্তত ৩০
Published : ১৫:২৮, ১৩ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে মুলতান শহরের কাছে শের শাহ সেতুর পাশে দুর্ঘটনাটি ঘটে।
জিও নিউজের বরাতে জানা গেছে, করাচি থেকে পেশোয়ারগামী রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগিই লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মুলতানের নিশতার হাসপাতালে নিয়ে যায়।
কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে ১৩টি বগি সরিয়ে নেওয়া হয়েছে। বাকি বগিতে উদ্ধার অভিযান চলছিল।
দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দ্রুত উদ্ধারকাজ শেষ করা এবং আহতদের অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
এক যাত্রীর দাবি, দুর্ঘটনার আগে রোহরির কাছে ট্রেনের নবম বগির নাট-বল্টু মেরামত করেছিলেন কর্মীরা। তবে লাইনচ্যুত হওয়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
পাকিস্তানে এর আগেও একাধিক প্রাণঘাতী রেল দুর্ঘটনা ঘটেছে। ২০২৩ সালের আগস্টে সিন্ধু প্রদেশের নওয়াবশাহর কাছে হাজারা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন।































