রাহুল গান্ধীদের আবেদনে সুপ্রিম কোর্টের ১৪ ত্রুটি, শুনানি স্থগিত

রাহুল গান্ধীদের আবেদনে সুপ্রিম কোর্টের ১৪ ত্রুটি, শুনানি স্থগিত ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৪:৫৬, ১৩ অক্টোবর ২০২৬

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ও নির্বাচনি অনিয়মের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী জোটের নেতাদের করা আবেদনে ১৪টি ত্রুটি পেয়েছে সুপ্রিম কোর্ট। এসব ত্রুটি সংশোধন না করা পর্যন্ত আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আবেদনে চিহ্নিত ত্রুটিগুলোর মধ্যে রয়েছে ২২০ রুপি কোর্ট ফি ঘাটতি এবং নয়জন আবেদনকারীর ওকালতনামা না থাকা। এ ছাড়া পরিচয়পত্রের অস্পষ্ট ফটোকপি, ছোট ফন্টে নথি তৈরি, রঙিন কপি না থাকা, পৃষ্ঠা নম্বরে অসংগতি এবং ইংরেজি অনুবাদ ছাড়াই আঞ্চলিক ভাষার নথি জমা দেওয়ার বিষয়ও উল্লেখ করা হয়েছে।

‘রাহুল গান্ধী বনাম ভারতের নির্বাচন কমিশন’ নামে তালিকাভুক্ত আবেদনে রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছাড়াও অখিলেশ যাদব, তেজস্বী যাদব ও সুপ্রিয়া সুলেসহ বিরোধী জোটের একাধিক নেতা স্বাক্ষর করেছেন।

আবেদনটিতে এসআইআর-সংক্রান্ত নথি প্রকাশ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতা যাচাই এবং পুরো প্রক্রিয়ার স্বাধীন নিরীক্ষার দাবি জানানো হয়েছে।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সোমবার দিল্লিতে পদযাত্রা করেন বিরোধী নেতাকর্মীরা। প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করলেও বিচারাধীন বিষয় হওয়ায় তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি।

শেয়ার করুনঃ
Advertisement