নারায়ণগঞ্জে ইনফিনিক্স ফোনে আগুনের অভিযোগ

নারায়ণগঞ্জে ইনফিনিক্স ফোনে আগুনের অভিযোগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪১, ২৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ফোনে কথা বলার সময় অতিরিক্ত গরম হয়ে ইনফিনিক্স হট ৬০আই মডেলের একটি মোবাইল ফোনে আগুন ধরে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোনটির ব্যবহারকারী মোহাম্মদ নাহিদ হাসানের দাবি, দ্রুত ফোনটি হাত থেকে ফেলে দেওয়ায় তিনি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফোনে কথা বলার সময় সেটি অস্বাভাবিকভাবে গরম হয়ে ওঠে। বিপদের আশঙ্কায় নাহিদ দ্রুত ফোনটি মাটিতে ফেলে দেন। এর কিছুক্ষণ পর ফোনটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় বলে তিনি অভিযোগ করেন।

এতে ফোনটি পুড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নাহিদ হাসানের দাবি, ফোনটি হাত থেকে ফেলতে আরও পাঁচ সেকেন্ড দেরি হলে তাঁর কানের কাছেই বিস্ফোরণ ঘটতে পারত। এতে হাত, কান ও মাথার এক পাশ গুরুতরভাবে পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল।

প্রায় এক বছর আগে ফোনটি কিনেছিলেন জানিয়ে তিনি বলেন, স্বাভাবিকভাবে ব্যবহার করার সময় এমন ঘটনা ঘটায় ফোনটির নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

এ বিষয়ে ইনফিনিক্স কর্তৃপক্ষের বক্তব্য জানতে এনপিবি নিউজের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইফতেখার উদ্দিন সানীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোনকল গ্রহণ না করায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত বছরের ১২ জানুয়ারি প্রাইভেট পড়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস মডেলের একটি ফোন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ব্যবহারকারীর শরীরে আগুন ধরে যায়। পরে তাঁকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে ইনফিনিক্সের পক্ষ থেকে তাঁকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসব ঘটনার পর ইনফিনিক্স ফোনের ব্যাটারির মান ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন গ্রাহকেরা। তাঁদের দাবি, ব্যাটারি ও সংশ্লিষ্ট নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি রয়েছে কি না, তা যথাযথভাবে তদন্ত করা হোক। তবে নারায়ণগঞ্জের সাম্প্রতিক ঘটনার প্রকৃত কারণ এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement