নাইজেরিয়ায় নৌকাডুবিতে ১৬ জনের মৃত্যু
Published : ১২:৫০, ৩ অক্টোবর ২০২৪
উত্তর-মধ্য নাইজেরিয়ায় শতাধিক যাত্রী বহনকারী একটি নৌকা ডু্বে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির নাইজার রাজ্যের জরুরি সংস্থার প্রধান আবদুল্লাহি বাবা আরাহ বলেন, নৌকাটিতে থাকা যাত্রীদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। স্থানীয় সময় মঙ্গলবার (১ অক্টোবর) তারা মুসলিমদের মাওলিদ উৎসব উদযাপন করতে যাচ্ছিলেন। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে মোকওয়ার কাছে গাবাজিবো কমিউনিটিতে নাইজার নদী দিয়ে যাচ্ছিল নৌকাটি। সে সময় ওই নৌকায় প্রায় ৩০০ যাত্রী ছিল।
তবে, দুর্ঘটনার কারণ বলেননি এই কর্মকর্তা। দুর্ঘটনার পর স্বেচ্ছাসেবক এবং ডুবুরিরা প্রায় ১৫০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
জরুরি সংস্থার মুখপাত্র ইব্রাহিম অদু হুসেইনি এএফপিকে বলেন, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই নারী এবং ১৪ পুরুষ।
ইব্রাহিম বলেন, আরও লোকজনকে উদ্ধারের চেষ্টা করছি আমরা। উদ্ধার ও তল্লাশি অভিযান এখনো চলছে।
এনই






























