১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ফিতরার এই হার নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদ-এর খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। সভায় কমিটির সদস্যবৃন্দ ও বিশিষ্ট আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ফিতরার হার ঘোষণা করেন। তিনি জানান, দেশের বর্তমান বাজারদর ও শরিয়াহ নির্দেশনার আলোকে এ হার নির্ধারণ করা হয়েছে, যাতে সামর্থ্য অনুযায়ী মুসলমানরা ফিতরা আদায় করতে পারেন।
উল্লেখ্য, গত বছর ১৪৪৬ হিজরি (২০২৫ সাল) সনেও সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।
































