দ্রুত স্বস্তি পাবে নগরবাসী, মশা নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

দ্রুত স্বস্তি পাবে নগরবাসী, মশা নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মশার উপদ্রব থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে সরকার জোরালোভাবে কাজ করছে। ইতোমধ্যে এ লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়াও শুরু হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধলপুর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর মশক নিধন কার্যক্রম ও ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরীক্ষা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আমদানি করা মশকনাশক ওষুধের বেশ কয়েকটি নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলোর কার্যকারিতা দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা করা হবে। যদি পরীক্ষায় দেখা যায় ওষুধ প্রত্যাশিত ফল দিচ্ছে না, তাহলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি আশা প্রকাশ করেন, ব্যবহৃত ওষুধ কার্যকর প্রমাণিত হবে।

তিনি আরও বলেন, মশার উৎপাতের কারণে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছে। তাই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মশক নিধন কর্মসূচি জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্ভাব্য প্রাদুর্ভাব রোধে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।

এ সময় তিনি সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার মতো বিষয়ে নাগরিকদের দায়িত্বশীল আচরণ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement