শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫২, ১১ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ অনুষ্ঠানের বক্তব্যের বিষয়টি গণমাধ্যমকে জানান।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই ছিল তাদের আকাঙ্ক্ষা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।

ছবি: পিএমও

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্য ছিল দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনা। সেই পরিবর্তনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন।

শহীদদের আত্মত্যাগের ঋণ কখনো শোধ করা সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে শুধু স্মরণ করাই যথেষ্ট নয়। যারা বেঁচে আছেন, তাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে।

বাংলাদেশ স্কাউটসের সদস্যদের দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রাণ-প্রকৃতির সুরক্ষায়ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের নিহত ১০ সদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক ও সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় পাঠ্যক্রমে তাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement