আওয়ামী লীগ নেতা পেলেন প্রধানমন্ত্রীর স্বর্ণপদক

আওয়ামী লীগ নেতা পেলেন প্রধানমন্ত্রীর স্বর্ণপদক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৬, ১৭ আগস্ট ২০২৬

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় মৎস্য পদকের স্বর্ণপদক গ্রহণ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সনদ ও স্বর্ণপদক গ্রহণ করেন আলাউদ্দিন।

আলাউদ্দিনের আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলু। তবে এ বিষয়ে আলাউদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, তাঁর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির অভিযোগও উঠেছে। অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক জনপ্রতিনিধি মো. আবদুর রহিমের দাবি, আলাউদ্দিনের বিরুদ্ধে বিএনপির অনেক নেতাকর্মীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুনুর রশীদ বলেন, তদন্তে আলাউদ্দিনের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তাঁর দাবি, বিষয়টি সরকারি গোয়েন্দা সংস্থাও তদন্ত করেছে।

মৎস্য অধিদফতর সূত্রে জানা যায়, আলাউদ্দিন ফিসারিজ নোয়াখালী সদর উপজেলার বদরপুর ও সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি উন্নতমানের কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন, সরবরাহ এবং মাছ চাষ সম্প্রসারণে কাজ করছে।

২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২১টি পুকুরে ১৭ দশমিক ৬ হেক্টর জলায়তনে প্রায় ১৯৮ লাখ কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে ৩২ জনের স্থায়ী এবং ৬৩ জনের খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

উন্নত মৎস্যচাষ পদ্ধতি, মানসম্মত পোনা উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে আলা উদ্দিন ফিসারিজকে জাতীয় মৎস্য পদক ২০২৬-এর স্বর্ণপদক দেওয়া হয়। পুরস্কারের সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকার একটি ব্যাংক চেকও দেওয়া হয়েছে।

তবে পুরস্কার গ্রহণকারীর রাজনৈতিক পরিচয় নিয়ে ওঠা বিতর্কের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান ও আলাউদ্দিনের বক্তব্যই এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement