আওয়ামী লীগকে মাঠে ফেরাতে জামায়াত ভূমিকা রাখছে: রাশেদ খাঁন
Published : ১২:৩৯, ১২ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগকে আবার মাঠে ফেরার সাহস জোগানোর পেছনে জামায়াতে ইসলামী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, গত এক মাস ধরে জামায়াত রাষ্ট্রে অস্থিরতা ও উত্তেজনা তৈরির মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় মাঠে নামার সুযোগ করে দিচ্ছে।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
পোস্টে গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রসঙ্গ তুলে এর পেছনে জামায়াতের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন রাশেদ খাঁন। একই সঙ্গে প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের মিছিলের পর বিএনপি ও ছাত্রদল যেভাবে পাল্টা প্রতিরোধ মিছিল করেছে, জামায়াত-শিবিরকে সেভাবে মাঠে দেখা যাচ্ছে কি না।
রাশেদ খাঁনের ভাষ্য, আওয়ামী লীগ ডিসেম্বরে রাজনীতির মাঠে ফিরতে চায়, অন্যদিকে জামায়াতও ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরু করতে চায়। বিষয়টি কাকতালীয় কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
শেখ হাসিনার সঙ্গে জামায়াতের অতীত রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে দলটির সঙ্গে বর্তমানে কোনো যোগাযোগ নেই—এমন নিশ্চয়তা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।
তিনি লিখেছেন, ‘ক্ষমতার সূত্র অনুযায়ী, ক্ষমতার শত্রু ক্ষমতার বাইরের সবাই।’ তাঁর বক্তব্য অনুযায়ী, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান রয়েছে।
রাশেদ খাঁনের দাবি, এর আগে জামায়াতে ইসলামীর আমির আওয়ামী লীগের নেতাকর্মীদের সাধারণ ক্ষমার কথা বলেছেন। পাশাপাশি জামায়াতের কোনো কোনো নেতা আওয়ামী লীগ থেকে কেউ তাদের দলে যোগ দিলে তার দায়দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন।
জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের একটি বক্তব্য উদ্ধৃত করে রাশেদ খাঁন বলেন, ‘As a political party, আওয়ামী লীগ ফিরলে আমাদের খুব বেশি আপত্তি নেই।’
এ ছাড়া এনসিপির কিছু নেতা প্রকাশ্যে আওয়ামী লীগের সুবিধাভোগীদের দলে নিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সর্বশেষ তুষার ভূইয়াকে দলে নেওয়ার বিষয়টিও নিজের পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।
সবশেষে আওয়ামী লীগকে প্রতিহত করার দায়িত্ব এখন একমাত্র বিএনপির ওপরই পড়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।




























