১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা: শিক্ষামন্ত্রী
Published : ১৩:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়োগপত্র দেওয়ার কার্যক্রম আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নিয়োগপ্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশের কারণে প্রার্থীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার প্রার্থী অংশ নেন। নিয়োগপ্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে কাজ শুরু করেছে সরকার। তাঁর ভাষ্য অনুযায়ী, নিয়োগের জন্য ৩৩টি জেলার ৮৫৪ জনের চূড়ান্ত আবেদন পাওয়া গেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা নিয়োগপত্র ইস্যু করছেন।
মন্ত্রী বলেন, যাচাই-বাছাইয়ের সময় কয়েকজনের ঠিকানা পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে। এসব তথ্য পর্যায়ক্রমে যাচাই করা হচ্ছে। তাঁর দাবি, নিয়োগপ্রক্রিয়া শেষ হয়ে গেছে—এমন ধারণা দিয়ে কিছু গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে, যা দুঃখজনক।
শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এখনো ৮১৭ জনের নিয়োগপত্র দেওয়া বাকি। তাঁদের যাচাই-বাছাই ও ঠিকানা সংক্রান্ত কার্যক্রম চলছে। যাঁদের নিয়োগপত্র দেওয়া হয়নি, তাঁদের বিষয়গুলো পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিয়োগপত্র দেওয়ার কার্যক্রম ১ অক্টোবর পর্যন্ত চলবে।
































