‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য, যে ভুলের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
Published : ১৭:৫২, ২৮ অক্টোবর ২০২৬
ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের উদ্দেশ্য ছিল আইনের কঠোরতা বোঝানো, তবে এ ধরনের শব্দ ব্যবহার করা তাঁর ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপির বক্তব্যের পর এ বিষয়ে ব্যাখ্যাও দেওয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগের কথা বলতে গিয়ে হয়তো অসতর্কভাবে শব্দ নির্বাচন করা হয়েছে। আইজিপি এমন কথা বলেননি যে ক্রসফায়ার করার নির্দেশনা তিনি সরকারের কাছ থেকে পেয়েছেন, কিংবা তিনি নিজেই তা করতে চান। তবে তারপরও এ ধরনের শব্দ উচ্চারণ করা তাঁর ঠিক হয়নি বলে মনে করেন সালাহউদ্দিন আহমদ।
বুধবার বিকেলে সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের এই কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি হয়।
বৈঠকে গত ১৭ বছরে নির্যাতন, গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং শহীদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কমিটির সদস্যরা। আলোচনায় সংবিধান সংশোধনের মাধ্যমে গুম প্রতিরোধ, বিচারব্যবস্থা শক্তিশালী করা এবং অগ্রাধিকার ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি উঠে আসে।
এ ছাড়া গুমের শিকার ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়েও দাবি জানান প্রতিনিধিরা। এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য সংসদ সদস্য সানজিদা ইসলাম, হুমাম কাদের চৌধুরী, আনিছুর রহমান ও মোছাঃ তাহসিনা রুশদী তাঁদের ওপর নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে আইনগত সুরক্ষা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার বিষয়টিও তুলে ধরে তাঁরা ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।





























