শাহরুখের যে শর্তে ভাঙতে বসেছিল গৌরীর সঙ্গে প্রেম!

শাহরুখের যে শর্তে ভাঙতে বসেছিল গৌরীর সঙ্গে প্রেম! ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৭:০৭, ২৮ অক্টোবর ২০২৬

বলিউড তারকা শাহরুখ খান ও গৌরী খানের প্রেমের শুরুটা ছিল নানা টানাপোড়েনে ভরা। একসময় গৌরীর পোশাক ও চুলের ধরন নিয়েও বিধিনিষেধ আরোপ করতেন শাহরুখ। তাঁর অতিরিক্ত অধিকারবোধে বিরক্ত হয়ে একপর্যায়ে সম্পর্ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গৌরী। বহু বছর আগে টেলিভিশন অনুষ্ঠান ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল’-এ নিজেদের প্রেমের শুরুর দিকের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন এই তারকা দম্পতি।

বর্তমানে তিন দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন শাহরুখ ও গৌরী। দীর্ঘ এই পথচলায় তাদের সম্পর্ক এখন বলিউডের পরিচিত তারকা দম্পতিদের অন্যতম উদাহরণ। তবে সম্পর্কের শুরুর দিনগুলো এতটা সহজ ছিল না। বিশেষ করে গৌরীর ব্যক্তিগত পছন্দ ও পোশাক নিয়ে শাহরুখের আপত্তি একসময় তাদের সম্পর্ককে বিচ্ছেদের মুখে ঠেলে দিয়েছিল।

সিমি গারেওয়ালের সঞ্চালনায় ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল’ অনুষ্ঠানে শাহরুখ স্বীকার করেছিলেন, প্রেমের শুরুর দিকে গৌরীর প্রতি তাঁর অধিকারবোধ ছিল অতিরিক্ত। সেই সময় গৌরী কী পোশাক পরবেন, এমনকি কীভাবে চুল রাখবেন, তা নিয়েও নিজের পছন্দ চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন তিনি।

শাহরুখের ভাষ্য অনুযায়ী, গৌরীকে তিনি বলেছিলেন, তাঁর প্রেমিকা হলে খোলা চুলে বাইরে যাওয়া যাবে না, এমনকি সাদা শার্টও পরা যাবে না। সম্পর্কের মধ্যে এমন শর্ত মেনে নিতে রাজি ছিলেন না গৌরী। তাঁর কাছে শাহরুখের এই আচরণ অযৌক্তিক ও আপত্তিকর মনে হয়েছিল।

সাক্ষাৎকারে গৌরী জানান, শাহরুখের এমন মনোভাব তাঁকে অস্বস্তিতে ফেলেছিল। একপর্যায়ে তিনি সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন এবং শাহরুখকে সরাসরি জানিয়ে দেন, তাঁর সঙ্গে আর দেখা করবেন না। গৌরীর এই দৃঢ় অবস্থান শাহরুখকে নিজেদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।

পরবর্তী সময়ে নিজের আচরণের ভুল বুঝতে পারেন শাহরুখ। সম্পর্কের মধ্যে অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপের প্রবণতা থেকে সরে এসে গৌরীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেন তিনি। অন্যদিকে, গৌরীও শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্তে অটল থাকেননি। সময়ের সঙ্গে ভুল বোঝাবুঝি কাটিয়ে তাঁদের সম্পর্ক আবারও দৃঢ় হয়ে ওঠে।

শাহরুখ ও গৌরীর পরিচয় ১৯৮৪ সালে, দিল্লিতে এক বন্ধুর আয়োজিত অনুষ্ঠানে। তখন শাহরুখের বয়স ছিল ১৮ বছর, আর গৌরীর ১৪। পরিচয়ের পর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের প্রেম এবং নানা বাধা পেরিয়ে ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তাঁরা।

বর্তমানে শাহরুখ ও গৌরীর তিন সন্তান—আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তাঁদের সম্পর্ক আজও আলোচনায় আসে। প্রেমের শুরুর দিকের এই ঘটনা সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিস্বাধীনতা, পারস্পরিক সম্মান এবং একে অপরের পছন্দকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও সামনে নিয়ে আসে।

শেয়ার করুনঃ
Advertisement