স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, বাড়তে পারে প্রাণহানি
Published : ১৭:১৮, ২৮ অক্টোবর ২০২৬
স্পেনের টলেডো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। উদ্ধারকাজ চলার মধ্যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।
বুধবার (২৮ অক্টোবর) সকাল প্রায় ৯টার দিকে মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, ট্রেন দুটি একই দিকে যাচ্ছিল। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, পেছন থেকে একটি ট্রেন অন্য ট্রেনটিকে ধাক্কা দিলে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় জড়িত ট্রেন দুটি হলো রাষ্ট্রীয় মালিকানাধীন রেনফের এভিই ট্রেন এবং ইতালীয় প্রতিষ্ঠান আইরিও পরিচালিত একটি ট্রেন। এভিই ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্যদিকে, আইরিওর ট্রেনটিতে ছিলেন ৩৯৭ জন। দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিলের পথে চলছিল। পর্যটক ও নিয়মিত যাত্রীদের কাছে এই রেলপথটি বেশ জনপ্রিয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এভিই ট্রেনটি আইরিওর ট্রেনের পেছনে ধাক্কা দিলে আইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। পরে বগি দুটি টলেডো প্রদেশের লস ইয়েবেনেস ও উর্দা শহরের মধ্যবর্তী এলাকায় রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ট্রেনের কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে রয়েছে। অন্য ট্রেনটি রেললাইনের ওপর অবস্থান করছিল। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ ও উদ্ধার তৎপরতা চালাতে দেখা যায়।
কাস্তিয়া-লা মাঞ্চার জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা এখনও বাড়তে পারে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল এস্পানিওল’। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।

































