ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে আরও ১,৯৮২ জন
Published : ১৮:১০, ২৮ অক্টোবর ২০২৬
দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ভর্তি হয়েছেন ৮১৬ জন এবং মারা গেছেন ছয়জন। চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন ভর্তি হয়েছেন, সেখানে মৃত্যু হয়েছে একজনের। খুলনায় ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন একজন। রাজশাহী বিভাগে ২১৭ জন ভর্তি হওয়ার পাশাপাশি একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৯৪ জন, রংপুরে ১১৬ জন, ময়মনসিংহে ৮৪ জন এবং সিলেটে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ২০৫ জন।
চলতি বছর বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৯২ জন। খুলনায় মারা গেছেন ৭৭ জন, চট্টগ্রামে ৪০ জন, ময়মনসিংহে ৩৩ জন, বরিশালে ২৯ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে সাতজন এবং সিলেটে তিনজন।


































