সীমান্তে হামলার জবাব, তালেবানের একাধিক চৌকি ধ্বংস করল পাকিস্তান
Published : ১৮:৪০, ২৮ অক্টোবর ২০২৬
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে হামলার জেরে পাল্টা অভিযান চালিয়ে আফগান তালেবানের একাধিক চৌকি ধ্বংস করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আদ্দা এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলায় একজন নিহত ও একই পরিবারের পাঁচ সদস্য আহত হওয়ার পর এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।
লোয়ার সাউথ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনারের ভাষ্য অনুযায়ী, আফগান তালেবান বাহিনী কোনো ধরনের উসকানি ছাড়াই আঙ্গুর আদ্দা বাজার ও আশপাশের আবাসিক এলাকায় গুলি চালায়। এ সময় ওই এলাকায় একটি মর্টার শেল আঘাত হানে। এতে একজন বেসামরিক নাগরিক নিহত হন এবং আহত হন আরও পাঁচজন। হামলায় বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডেপুটি কমিশনার জানান, সীমান্তে মোতায়েন পাকিস্তানি বাহিনী এ হামলার জবাবে কার্যকর ও জোরালো পদক্ষেপ নিচ্ছে।
নিরাপত্তা সূত্রের দাবি, হামলার পর দ্রুত পাল্টা অভিযান চালিয়ে সীমান্তের ওপারে আফগান তালেবানের কয়েকটি চৌকি ধ্বংস করেছে পাকিস্তান সেনাবাহিনী। সামরিক অভিযান এখনো অব্যাহত রয়েছে। নতুন করে কোনো হামলা হলে তা মোকাবিলায় সেনারা প্রস্তুত আছেন বলেও জানিয়েছে সূত্রটি।
আঙ্গুর আদ্দা সীমান্ত এলাকায় অতীতেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিরাপত্তা সূত্র ও স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জিও ডট টিভি জানিয়েছে, গত এপ্রিলের শেষ দিকে সীমান্তের ওপার থেকে চালানো মর্টার হামলায় দক্ষিণ ওয়াজিরিস্তানে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার জবাবে পাকিস্তানি বাহিনী আফগান তালেবানের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়।
সূত্র: জিও নিউজ (Geo News)।
































