নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল ৭০ বছরের বৃদ্ধার লাশ
Published : ১৮:০৬, ২৮ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নিখোঁজের দুই দিন পর ধলেশ্বরী নদী থেকে রোকেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার পচন ধরা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার পয়লা ইউনিয়নের বেগুন নারচী গ্রামের পাশের নদীতে তাঁর লাশ ভেসে ওঠে।
রোকেয়া বেগম বেগুন নারচী গ্রামের বাসিন্দা। তিনি মৃত জিন্নাত আলী প্রধানের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করে বাড়িতে ফিরে আসেন রোকেয়া বেগম। এরপর তিনি কখন আবার নদীতে নেমেছিলেন, সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানেন না।
রোকেয়া বেগম শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতেও আক্রান্ত ছিলেন। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে তাঁর ছেলে মো. শাহাদাত হোসেন ২৭ অক্টোবর ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, বুধবার সকালে ধলেশ্বরী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি আরও জানান, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


































