ট্রাম্প প্রশাসন ছাড়তে পারেন চার-পাঁচ মন্ত্রী, রুবিওর পদত্যাগের গুঞ্জন

ট্রাম্প প্রশাসন ছাড়তে পারেন চার-পাঁচ মন্ত্রী, রুবিওর পদত্যাগের গুঞ্জন ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১২:৫০, ৮ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে সম্ভাব্য রদবদল নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের চার থেকে পাঁচজন মন্ত্রী দায়িত্ব ছাড়তে পারেন বলে গুঞ্জন উঠেছে। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা সবচেয়ে বেশি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট–এর এক প্রতিবেদনে প্রশাসনের ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকান পার্টি। নির্বাচনে বড় ধাক্কার পর ট্রাম্প প্রশাসনের ভেতরে দায়িত্ব ও ব্যর্থতার দায় নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, রুবিও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার প্রস্তুতি নিতে পারেন। এ ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী পরাজয় ও ইরান যুদ্ধের দায় থেকে নিজেকে দূরে রাখতে রুবিও প্রশাসন ছাড়তে পারেন বলে কয়েকটি সূত্রের ধারণা। তবে রুবিওর দপ্তর এ ধরনের পদত্যাগের খবরকে ‘ভুয়া খবর’ বলে নাকচ করেছে।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে, ইরান যুদ্ধ পরিচালনায় ভূমিকার কারণে সমরমন্ত্রী পিট হেগসেথও চাপের মুখে রয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নির্বাচনী বিপর্যয়ের দায় তাঁর ওপর চাপাতে পারেন বলে সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।

মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনে ‘কয়েকটি পরিবর্তন’ আনতে পারেন। তবে কারা দায়িত্ব ছাড়তে পারেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি।

মধ্যবর্তী নির্বাচনের পর হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের দায়িত্ব ছাড়ার বিষয়টিও সামনে এসেছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে স্টিফেন মিলারের নাম ঘোষণা করেছেন ট্রাম্প।

শেয়ার করুনঃ
Advertisement