রাড্ডা সেন্টারে হামলার আসামি বিএনপির কর্মসূচিতে
Published : ১৬:১৪, ৮ নভেম্বর ২০২৬
মিরপুরের রাড্ডা এমএসএইচ-এফপি সেন্টারে হামলার মামলার এক অভিযুক্ত আসামি প্রকাশ্যে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সংসদ সদস্য।
পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘পলাতক’ আসামি প্রকাশ্যে মিছিল করলেও পুলিশ তাঁকে দেখতে পাচ্ছে না কেন?
মীর আহমাদ বিন কাসেম দাবি করেন, মিরপুরের রাড্ডা এমএসএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান সমন্বয়কারী এবং এলাকার পরিচিত ব্যক্তি পাপেল প্রকাশ্য দিবালোকে দলবল নিয়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ দাবির পক্ষে তিনি পোস্টের সঙ্গে একটি ছবি ও ভিডিও যুক্ত করেন।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, পুলিশ বারবার পাপেলকে পলাতক বলে দাবি করছে। অথচ তিনি প্রকাশ্যে রাস্তায় মিছিল করছেন। এমন পরিস্থিতিতে তাঁকে কীভাবে পলাতক বলা হচ্ছে—এমন প্রশ্ন তুলে বিষয়টিকে জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য অভিযোগ করেন, মা ও শিশুর চিকিৎসাকেন্দ্রে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের এভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া ঢাকা-১৪ আসনের মানুষের মেনে নেওয়ার কথা নয়।
পোস্টে তিনি দাবি জানান, অবিলম্বে পাপেলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং রাড্ডা সেন্টারে হামলার সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এ ধরনের পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে বলেও মন্তব্য করেন সংসদ সদস্য।
































