গ্রিস ও সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো
Published : ১৩:১০, ১১ নভেম্বর ২০২৬
নথিপত্র ছাড়া ও অনিয়মিত পথে ইউরোপে পাড়ি জমানো আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার সকাল সোয়া ৯টার দিকে এন০৫৫৪২ নম্বরের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ৪৪ বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, মানসিক পরামর্শ এবং নিজ নিজ বাড়িতে ফেরার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালনা করে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপ থেকে ফেরত আসা ৪৪ জনকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে।
শরিফুল হাসান বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে ছিলেন। চলতি বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম। এভাবে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে যেতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।
তিনি বলেন, ইউরোপ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে দিন দিন কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতির আওতায় অনিয়মিত পথে ইউরোপে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। ফলে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় করেও অনেকের শেষ পর্যন্ত কোনো অর্জন থাকছে না। অথচ অনেকে মনে করেন, যেকোনোভাবে ইউরোপে পৌঁছাতে পারলেই সব সমস্যার সমাধান হবে। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
ব্র্যাকের এই কর্মকর্তা জানান, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার ব্যাপারে অন্যদের উৎসাহিত করেছিলেন।
তিনি বিদেশগামীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যাওয়া উচিত।




























