প্রথম বর্ষপূর্তিতে এনপিবি নিউজের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

প্রথম বর্ষপূর্তিতে এনপিবি নিউজের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১৩, ১০ নভেম্বর ২০২৬

‘সত্য, সরাসরি, সবার আগে’—এই স্লোগানকে ধারণ করে এক বছরের পথচলা উদযাপন করছে তরুণ প্রজন্মের ডিজিটাল সংবাদমাধ্যম এনপিবি নিউজ। প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি করেছেন প্রতিষ্ঠানটির সংবাদকর্মী ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত এনপিবি নিউজের প্রধান কার্যালয় বেঙ্গল সেন্টারের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত র‍্যালিতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র‍্যালিটি পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও জাতীয় ঈদগাহের মূল ফটক প্রদক্ষিণ করে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুনরায় এনপিবি নিউজের প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এনপিবি নিউজের সম্পাদক মো. আল হাদী বলেন, ‘সত্য, সরাসরি, সবার আগে’—এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই এনপিবির যাত্রা শুরু হয়েছিল। প্রথম বর্ষপূর্তিতে এসে প্রতিষ্ঠানটি অনেক সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, এসব অর্জনের পেছনে প্রতিষ্ঠানের প্রতিটি সহকর্মীর আন্তরিকতা, পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। সাফল্যের এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে এনপিবি নিউজ আরও সমৃদ্ধ ও পাঠকপ্রিয় সংবাদমাধ্যম হিসেবে গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন।

আল হাদী আরও বলেন, একটি সংবাদমাধ্যমের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সংবাদকর্মীদের পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও দর্শকের আস্থা অর্জনই তাদের প্রধান লক্ষ্য।

সমসাময়িক, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে এনপিবি নিউজের যাত্রা শুরু হয়। জাতীয় রাজনীতি, সারাদেশ, আন্তর্জাতিক অঙ্গন, অর্থনীতি, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও বিনোদনসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।

সংবাদ প্রকাশের পাশাপাশি ভিডিও প্রতিবেদন, সাক্ষাৎকার, বিশ্লেষণ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমেও নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে এনপিবি নিউজ। ডিজিটাল সংবাদমাধ্যমের পরিবর্তিত বাস্তবতায় পাঠক-দর্শকের চাহিদা বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও মাল্টিমিডিয়া কনটেন্টও নির্মাণ করছে প্রতিষ্ঠানটি।

এসব আয়োজনের মধ্যে রয়েছে টকশো ‘প্রশ্নের মুখোমুখি’, ‘এনপিবি পডকাস্ট’, ‘বিজনেস পালস’, ‘এনপিবি বিল্ড টক’ এবং সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘এনপিবি গানে গানে’।

প্রতিষ্ঠার প্রথম বছরেই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে আলোচনায় এসেছে এনপিবি নিউজ। দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি তথ্য যাচাই, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগমাধ্যমেও পাঠক-দর্শকের সঙ্গে যোগাযোগ ও সংবাদ পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তির আয়োজন শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নয়, বরং এক বছরের সম্মিলিত শ্রম, অর্জন ও আগামীর পথচলার প্রত্যয় তুলে ধরার উপলক্ষ।

আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে সংবাদ পরিবেশন, অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার এবং পাঠক-দর্শকের আস্থা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি।

এ সময় এনপিবি নিউজের হেড অব ডিজিটাল আকরাম হোসেন, বার্তা সম্পাদক জাকির হোসেন, বিভিন্ন বিভাগের প্রধানসহ প্রতিষ্ঠানের সব পর্যায়ের সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement