সাংবাদিক রবিনের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি ডিএমএফের

সাংবাদিক রবিনের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি ডিএমএফের দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

Published : ১৮:৫১, ১১ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের বাড়িতে হামলা এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১১ নভেম্বর) ডিএমএফের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে অমিত হাসান রবিনের বাড়িতে সশস্ত্র একদল ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর বাবা গোলাম মোস্তফা, মা ডলি আক্তার, বোন ঐশী আক্তার ও ভাবি শাহানা খাতুন হামলার শিকার হন। পরিবারের সদস্যদের ওপর এ ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ডিএমএফ নেতারা বলেন, একজন সাংবাদিকের পেশাগত পরিচয়কে কেন্দ্র করে তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। এ ধরনের ঘটনা শুধু একজন সাংবাদিক বা তাঁর পরিবারের নিরাপত্তার বিষয় নয়, বরং সামগ্রিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

বিবৃতিতে তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান। পাশাপাশি অমিত হাসান রবিনের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

ডিএমএফ নেতারা আরও বলেন, সাংবাদিকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ঘটনার যথাযথ বিচার ও পরিবারের সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে বিবৃতিতে সতর্ক করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement