আসাদ নূরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিয়াস, জানালেন বিচ্ছেদের কারণ!
Published : ১৭:৩৭, ১১ নভেম্বর ২০২৬
সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে আসাদ নূরের বিয়ের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই আসাদ নূরের সঙ্গে নিজের অতীত বন্ধুত্ব ও আবেগের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন কলকাতার বাসিন্দা বিয়াস বাসু। এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, ২০২২ সালেই তাদের সম্পর্কের অবসান ঘটে এবং এরপর থেকে দুজনের মধ্যে আর কোনো যোগাযোগ নেই।
বুধবার (১১ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক বিয়াস বাসু নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে অতীতের নানা ঘটনা তুলে ধরেন। একই সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে অযথা আলোচনা না করার আহ্বান জানান তিনি।
বিয়াসের বক্তব্য অনুযায়ী, ২০১৬ সালে আসাদ নূরের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব হয়। পরের বছর তাদের সরাসরি দেখা হলেও ব্যক্তিগত কিছু কারণে কয়েক দিনের মধ্যেই সেই বন্ধুত্বে ছেদ পড়ে। ওই বছরের ২৫ ডিসেম্বর ব্লাসফেমি আইনে গ্রেফতার হয়ে বাংলাদেশে কারাগারে যান আসাদ। বিমানবন্দর থেকে তিনি বিয়াসকে ফোন করেছিলেন। পরবর্তী সময়ে কারাগার থেকেও হাতে লেখা চিঠি পাঠান।
বিয়াস জানান, মানবিক বিবেচনা থেকে তিনি আসাদকে মুক্ত করতে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। মুক্তির পর আবার গ্রেফতার হলে তাকে ছাড়ানোর চেষ্টা করতেও কয়েক দফা বাংলাদেশে আসেন তিনি। একপর্যায়ে মুক্তি পেয়ে আসাদ কলকাতায় গেলেও নিজের ভুল সিদ্ধান্তের কারণে সেখানেও কারাবন্দি হন বলে উল্লেখ করেন বিয়াস।
বিয়াসের ভাষ্য, দীর্ঘ ছয় বছরের বন্ধুত্বের সময় তাদের মধ্যে আবেগের একটি সম্পর্ক গড়ে উঠেছিল। এই সময়ের দেড় থেকে দুই বছর আসাদ বাংলাদেশ ও ভারতের কারাগারে ছিলেন। অন্যদিকে, অবশিষ্ট সময়ের উল্লেখযোগ্য অংশ কেটেছে করোনা মহামারির মধ্যে।
তবে নিজেদের সম্পর্কের ধরন নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন বিয়াস। তার দাবি, আসাদের সঙ্গে কখনো তার বিয়ে হয়নি কিংবা তারা একসঙ্গে বসবাসও করেননি। তাদের মধ্যে বন্ধুত্ব ও নিয়মিত যোগাযোগ ছিল। তবে আবেগের টান এবং আসাদের প্রতি নিজের নির্ভরশীলতা তৈরি হয়েছিল বলে স্বীকার করেছেন তিনি।
ব্যক্তিগত কিছু বিষয়ে মতপার্থক্যের জেরে ২০২২ সালে তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে বলে জানান বিয়াস। এরপর থেকে আসাদের সঙ্গে তার কোনো ধরনের যোগাযোগ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো সম্পর্ক নিয়ে চলমান আলোচনা বন্ধের অনুরোধ জানিয়ে তিনি বলেন, মানুষের জীবনে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়া এবং সময়ের সঙ্গে সেগুলোর শেষ হয়ে যাওয়া স্বাভাবিক বিষয়। এসব ঘটনাকে অস্বাভাবিকভাবে উপস্থাপন করে বছরের পর বছর আলোচনা চালিয়ে যাওয়ার মানসিকতা তিনি সমর্থন করেন না।
বিয়াস আরও বলেন, ২০২৬ সালে দাঁড়িয়ে ২০২০ সালে তার সাবেক সঙ্গী কে ছিলেন, কেন সম্পর্ক ভেঙেছিল কিংবা সেই ব্যক্তি বর্তমানে তার জীবনে আছেন কি না—এসব নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা বন্ধ হওয়া উচিত। কার সঙ্গে কার সম্পর্ক ছিল বা রয়েছে, তা নিয়ে পড়ে থাকাকে তিনি মধ্যযুগীয় মানসিকতা হিসেবে উল্লেখ করেন।
ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করে বিব্রত না করার অনুরোধ জানিয়ে বিয়াস জানান, তিনি নিজের জীবন নিয়ে ভালো আছেন এবং নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন। মানুষের তুলনায় প্রাণীদের প্রতি তার গুরুত্ব বরাবরই বেশি বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে আসাদ নূরের প্রতি শুভকামনা জানিয়ে বিয়াস লেখেন, তার আগামী জীবন সুন্দর হোক এবং সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।


































