জবি ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতা রেজওয়ানের ৩ দিনের রিমান্ড

জবি ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতা রেজওয়ানের ৩ দিনের রিমান্ড সংগৃহীত

জবি প্রতিনিধি

Published : ১৭:৫৭, ১১ নভেম্বর ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল আলম টুটুল আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চান। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা আবেদনটির বিরোধিতা করে রিমান্ড বাতিলের দাবি জানান। তবে রাষ্ট্রপক্ষ পুলিশের আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাশের পাকা সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে রেজওয়ান ঘটনার সঙ্গে অন্য আসামিদের পাশাপাশি অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। পরে উত্তেজিত জনতার মারধরে আহত হলে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাটির পর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসাইন বাদী হয়ে রেজওয়ানসহ সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিস্ফোরণের পেছনের উদ্দেশ্য, ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এসব বিষয় উদ্‌ঘাটনে রেজওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

শেয়ার করুনঃ
Advertisement