সানায় সৌদির ভয়াবহ বিমান হামলা, ধ্বংস ১৩ তেলবাহী ট্যাংকার!

সানায় সৌদির ভয়াবহ বিমান হামলা, ধ্বংস ১৩ তেলবাহী ট্যাংকার! সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৭:৫১, ১১ নভেম্বর ২০২৬

ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার (১১ নভেম্বর) শহরটির কেন্দ্রস্থলে ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির একটি ভবন ও আল-মাফসার গ্যাস ফিলিং স্টেশন লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে ১৩টি তেলবাহী ট্যাংকার, গ্যাস সরবরাহের প্ল্যাটফর্ম এবং আশপাশের একাধিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় সানার কেন্দ্রীয় এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির ভবনের আশপাশের বিভিন্ন স্থাপনাও ক্ষতির মুখে পড়ে।

এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা অভিযোগ করেছে, দেশটির সীমান্তবর্তী সা’দা গভর্নরেটের কাতাবির ও সা’দা জেলায় কামানের গোলা নিক্ষেপ করেছে সৌদি বাহিনী। তাদের দাবি, সৌদি আরবের নাজরান ও জাজান অঞ্চল থেকে এসব হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু হওয়া এলাকাগুলো জনবসতিপূর্ণ বলেও দাবি করেছে গোষ্ঠীটি।

হুথিদের এক মুখপাত্রের দাবি, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে মোট ১০৯টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব অভিযানে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

ওই মুখপাত্র আরও দাবি করেন, গত দুই দিনে বানি হুসাইস এলাকায় সৌদি বাহিনীর হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। নিহতদের বুধবার সানার আল-সাবিন এলাকায় সমাহিত করার কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। চলমান এই সহিংসতায় এখন পর্যন্ত অন্তত দুই হাজার মানুষের প্রাণহানি হয়েছে। পাশাপাশি প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুনঃ
Advertisement