ককটেল-আগুনের রাজনীতি বন্ধ করতে হবে

ককটেল-আগুনের রাজনীতি বন্ধ করতে হবে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২১, ১১ নভেম্বর ২০২৬

একদিকে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে ১৪ বছরের শিশু, অন্যদিকে হাসপাতালের বাইরে সন্তানের সুস্থতার জন্য প্রার্থনা করছেন মা। নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আজিজুল ইসলাম সিয়ামের মা সোনিয়া আক্তারের কান্না যেন সহিংসতার ভয়াবহতার এক মর্মান্তিক প্রতিচ্ছবি। সন্তানের জন্য মায়ের এই অসহায় আর্তনাদ আবারও মনে করিয়ে দেয়—রাজনৈতিক সংঘাত ও সহিংসতার আগুনে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি পুড়ে যায় নিরপরাধ মানুষ।

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউর সামনে ছেলের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে দেখা যায় সোনিয়া আক্তারকে। ফতুল্লার সাইনবোর্ড এলাকার ওই অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ ও আহত আজিজুলসহ ৬৩ শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

একটি মাদ্রাসায় শিশু-কিশোরদের এমন দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনা নিঃসন্দেহে উদ্বেগজনক। আগুন, বিস্ফোরণ ও সহিংসতার কারণে যখন সাধারণ মানুষের জীবন অনিরাপদ হয়ে পড়ে, তখন তা কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক চিত্র হতে পারে না। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, হামলা, সড়ক অবরোধ ও নাশকতার অভিযোগে একাধিক ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। একই সময়ে শ্রমিক বিক্ষোভ ঘিরেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি ও তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ হয়। জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে শ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে দুই পোশাকশ্রমিক আহত হন বলে জানা গেছে।

এদিকে নেত্রকোনার মোহনগঞ্জে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে যায়।

ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে পার্ক করা একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখের মৃত্যু হয়েছে। নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়েও দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে।

শরীয়তপুরের জাজিরায়ও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে লগি-বৈঠক হাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে। এসব ঘটনা জননিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। দাবি আদায়ের জন্য আন্দোলন, সভা-সমাবেশ ও প্রতিবাদ নাগরিকের গণতান্ত্রিক অধিকারের অংশ। কিন্তু সেই আন্দোলনের সঙ্গে যখন অগ্নিসংযোগ, বিস্ফোরণ, ভাঙচুর কিংবা মানুষের জীবনহানির ঘটনা যুক্ত হয়, তখন তা আর স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচির পর্যায়ে থাকে না। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা—উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর।

বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব দেশের অর্থনীতিতেও রয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনীতি সচল রাখা, কর্মসংস্থান বাড়ানো, বিনিয়োগ আকৃষ্ট করা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্থিতিশীল পরিবেশ অপরিহার্য। রাজনৈতিক সহিংসতা ও নাশকতা সেই স্থিতিশীলতাকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে।

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো সাধারণ মানুষের মধ্যে অতীতের ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি ফিরিয়ে আনছে। গণপরিবহনে আগুন, সড়কে বিস্ফোরণ কিংবা জনবহুল এলাকায় সহিংসতা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব ঘটনায় রাজনৈতিক কর্মী বা কোনো নির্দিষ্ট পক্ষের বাইরেও নিরীহ মানুষ প্রাণ হারান কিংবা আহত হন।

গত দেড় দশকে রাজনৈতিক সংঘাত, সহিংসতা ও অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় সাধারণ মানুষকে চরম মূল্য দিতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে দেশবাসী নিশ্চয়ই এমন পরিস্থিতিতে ফিরে যেতে চায় না, যেখানে রাজনৈতিক বিরোধের জেরে মানুষের জীবন ও সম্পদ অনিরাপদ হয়ে পড়ে। তাই সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোকে কোনো রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ না করে আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই বিরোধ নিষ্পত্তির পথ খুঁজে নেওয়া প্রয়োজন।

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে নাশকতা বা ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশের ভেতরে কিংবা বাইরে থেকে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণের ঐক্য ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে উল্লেখ করেছেন। জাতীয় স্বার্থে সব পক্ষকে একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

এই পরিস্থিতিতে নাশকতা, সহিংসতা ও জননিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ নাগরিক—সবার দায়িত্বশীল ভূমিকা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের মানুষ সংঘাত নয়, শান্তি চায়। আগুন নয়, নিরাপদ জীবন চায়। রাজনৈতিক প্রতিহিংসা নয়, গণতান্ত্রিক পরিবেশ ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায়। তাই যেকোনো ধরনের অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি।

অগ্নিসন্ত্রাসের কোনো রাজনৈতিক বৈধতা নেই। নাশকতা কোনো গণতান্ত্রিক আন্দোলনের ভাষা হতে পারে না। জনগণের জানমাল রক্ষায় রাষ্ট্র, রাজনৈতিক দল ও নাগরিক সমাজ—সবার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার মধ্য দিয়েই দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।

ককটেল ও আগুনের রাজনীতি বন্ধ করতে হবে। মানুষের জীবন, নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ কোনো রাজনৈতিক সংঘাতের কাছে জিম্মি হতে পারে না।

শেয়ার করুনঃ
Advertisement