যুগান্তরের সাংবাদিক অমিত হাসান রবিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ

যুগান্তরের সাংবাদিক অমিত হাসান রবিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৪৫, ১১ নভেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের মারধর, আসবাবপত্র ভাঙচুর ও দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির নাম ব্যবহারকারী কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন রবিনের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পুইজোর গ্রামে রবিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, বিএনপির নাম ব্যবহার করেন এবং স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে চলাফেরা করেন—এমন কয়েকজন ব্যক্তি দলবদ্ধ হয়ে বাড়িতে অতর্কিত হামলা চালান। অভিযোগে আবদার জেলে, তাঁর ছেলে তুর্কি, হৃদয়সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাড়িতে ঢুকে রবিনের বাবা, মা ও বোনকে মারধর করেন। এ সময় টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ও ঘরের মালামাল ভাঙচুর করা হয়। একপর্যায়ে বাড়ি থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা। এ ছাড়া বাড়ির বাইরে ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে রবিনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, হামলায় বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এ ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

অমিত হাসান রবিন জানান, এ বিষয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে রবিন তাঁর ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে জানান, কেন তাঁর বাড়িতে এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তিনি এখনো কিছু জানেন না। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।

 

তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য কিংবা স্থানীয় বিএনপি ও পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাংবাদিক রবিনের পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

 
শেয়ার করুনঃ
Advertisement