বুলেট ট্রেন নয়, ১৪০ কিমি গতির বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা সরকারের

বুলেট ট্রেন নয়, ১৪০ কিমি গতির বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা সরকারের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫০, ১৫ নভেম্বর ২০২৬

দেশের রেল যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে বুলেট ট্রেনের পরিবর্তে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের পর এ সেবা চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর তুলনায় কম ব্যয়ে বৈদ্যুতিক ট্রেন চালু করাকে বেশি বাস্তবসম্মত মনে করছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চলাচলের সুযোগ তৈরি হবে। এতে যাত্রীসেবার মান উন্নয়নের পাশাপাশি পণ্য পরিবহন দ্রুততর হবে এবং জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমবে।

বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ নির্বাচন করা হয়েছে।

তিনি জানান, পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় ধরনের নির্মাণকাজ পুরোদমে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

প্রকল্পের আওতায় রেলপথটিতে চলাচলের জন্য ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে ট্রেনের দিক পরিবর্তনের জন্য আলাদাভাবে ঘোরানোর প্রয়োজন হবে না। এতে বিরতিসহ ট্রেন পরিচালনা আরও সহজ ও কার্যকর হবে।

ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেনের পরিকল্পনা
প্রাথমিক প্রকল্প বাস্তবায়নের পর বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে রেলওয়ে। দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ আরও কার্যকর করতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রফিকুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পথে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।

তিনি জানান, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়, যা মোট কনটেইনার পরিবহনের প্রায় ৩ শতাংশ।

অন্যদিকে, ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের মাধ্যমে রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এতে পণ্য পরিবহনে রেলওয়ের সক্ষমতা বাড়বে।

রেল অবকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ
বৈদ্যুতিক ট্রেন চালু এবং ভবিষ্যতে এ নেটওয়ার্ক সম্প্রসারণের উপযোগী পরিবেশ তৈরিতে বেশ কিছু অবকাঠামোগত উন্নয়নকাজ চলছে।

রফিকুল ইসলাম জানান, ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে, টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণ ইতোমধ্যে শেষ হয়েছে।

এ ছাড়া জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ নির্মাণের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনগুলোকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তরের কাজ চলছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করাও এর অন্যতম উদ্দেশ্য।

বুলেট ট্রেনের পরিবর্তে বৈদ্যুতিক ট্রেন কেন?
রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। এ ছাড়া জমি অধিগ্রহণ এবং ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ।

তাই অবকাঠামো নির্মাণের ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনাকে তুলনামূলক বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক ট্রেন চালু হলে কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে। এ ছাড়া নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল ও কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করছে বাংলাদেশ রেলওয়ে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও রয়েছে।

সব মিলিয়ে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে পাইলট প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে বৈদ্যুতিক রেল নেটওয়ার্কের যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে চট্টগ্রাম পর্যন্ত এ সেবা সম্প্রসারিত হলে যাত্রী ও পণ্য পরিবহনে গতি আসার পাশাপাশি দেশের রেল যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।

সূত্র: বাসস

শেয়ার করুনঃ
Advertisement