রামপুরায় ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, আহত ২
Published : ০২:২৭, ১৬ নভেম্বর ২০২৬
রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে অবস্থিত ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)। ঘটনার পর তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যায় হাবিবুর ও সাজুসহ কয়েকজন কর্মী কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় হঠাৎ চারজন দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এক থেকে দুই মিনিটের মধ্যে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় ককটেল বিস্ফোরণও ঘটায়। এতে প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুলিবিদ্ধ হন।
মাজহারুল ইসলাম আরও জানান, প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ ও তাদের সহযোগীরা প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে দাবিকৃত টাকা দেওয়া হয়নি। এর জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।
আহত সাজু আহমেদ জানান, চারজনের মধ্যে তিনজন অফিসের ভেতরে প্রবেশ করে এবং একজন বাইরে অবস্থান করছিল। ভেতরে ঢুকেই তারা কর্মীদের উদ্দেশে বলে, ‘তোদের এখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনো বন্ধ করিস নাই কেন?’ এ কথা বলেই তারা এলোপাতাড়ি গুলি চালায়। কয়েক সেকেন্ডের মধ্যে হামলা চালিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে সাজুর ডান পায়ে এবং হাবিবুরের বাম হাতে গুলি লেগেছে। তাঁদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে রামপুরা থানাকে অবহিত করা হয়েছে।

































