বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে বিনিয়োগ ও উৎপাদন সম্প্রসারণে কাজ করছে হায়ার
Published : ২০:৩৫, ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) হিসেবে গড়ে তুলতে স্থানীয় উৎপাদন ও বিনিয়োগ সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ করছে হায়ার বাংলাদেশ লিমিটেড। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আমদানিনির্ভরতা হ্রাস এবং দেশের হোম অ্যাপ্লায়েন্স শিল্পের বিকাশে ভূমিকা রাখাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
সম্প্রতি রাজধানীর গুলশানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানায় হায়ার বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের বাজারে তাদের বর্তমান কার্যক্রম, স্থানীয় উৎপাদন সক্ষমতা, ‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
মতবিনিময় সভায় হায়ার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্যান জিং বলেন, “দেশের প্রতিটি পরিবারের কাছে বিশ্বমানের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। উন্নত গৃহস্থালি প্রযুক্তি ও স্মার্ট সলিউশনের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। ‘মোর ক্রিয়েশন, মোর পসিবিলিটিজ’—এই বিশ্বাস নিয়েই হায়ারের পথচলা।”
কর্মকর্তারা জানান, ২০২০ সালে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে হায়ার। বর্তমানে গাজীপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও টেলিভিশন উৎপাদিত হচ্ছে। পাশাপাশি চুক্তিভিত্তিক ব্যবস্থায় রেফ্রিজারেটর ও ফ্রিজার তৈরি করা হয়। এ ছাড়া বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের আধুনিক হোম অ্যাপ্লায়েন্স আমদানি ও বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।
স্থানীয় উৎপাদন সক্ষমতার বিষয়ে কর্মকর্তারা জানান, এয়ার কন্ডিশনার তৈরির জন্য কনডেনসার, ইভ্যাপোরেটর, টিউব, ইনডোর বডি ও আউটডোর বডির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এখন দেশেই উৎপাদন করছে হায়ার। স্থানীয় উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি দেশের শিল্প খাতে মূল্য সংযোজন ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
হায়ার বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আশরাফুল আলম বলেন, “বিক্রির দিক থেকে শীর্ষে থাকা হায়ারের জন্য একটি বড় অর্জন। তবে গ্রাহক সন্তুষ্টিতে শীর্ষে থাকাকে আমরা আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে দেখি। আমাদের কাজ শুধু অ্যাপ্লায়েন্স বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়; সর্বাধুনিক প্রযুক্তি ও ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে উন্নত জীবনযাপনের অভিজ্ঞতা তৈরির লক্ষ্যে আমরা কাজ করছি। দিনশেষে কত পণ্য বিক্রি হলো, শুধু তা দিয়ে আমরা সাফল্য বিচার করি না; বরং গ্রাহকদের কতটা ভালো সেবা দিতে পারছি এবং তাঁদের দৈনন্দিন জীবনে কতখানি স্বাচ্ছন্দ্য যোগ করতে পারছি, সেটাই আমাদের কাছে মুখ্য।”
উল্লেখ্য, হায়ার বাংলাদেশ লিমিটেড বৈশ্বিক হায়ার গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এর মূল প্রতিষ্ঠান ‘হায়ার স্মার্ট হোম কোম্পানি লিমিটেড’ ২০২৬ সালের ফরচুন গ্লোবাল ৫০০ তালিকায় স্থান করে নিয়েছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইউরোমনিটর ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বিক্রির পরিমাণের ভিত্তিতে টানা ১৭ বছর ধরে বিশ্বের শীর্ষ মেজর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ডের অবস্থান ধরে রেখেছে হায়ার।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তাঁরা জানান, ভবিষ্যতে নতুন বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের উৎপাদন খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে তাঁদের। একই সঙ্গে স্থানীয় সরবরাহব্যবস্থার উন্নয়ন এবং দেশের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।


































