৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান
Published : ১৬:৩১, ১৫ নভেম্বর ২০২৬
দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি জানান, নিয়োগ পেতে যাওয়া স্বাস্থ্যকর্মীদের ৮০ শতাংশই নারী। ফলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে তাঁদের অংশগ্রহণ কার্যকর ভূমিকা রাখবে।
সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে সমন্বিত অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান।
গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস’ (আইডিইএসএইচআই)-এর এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতের অবহেলার কারণে বিভিন্ন রোগ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ যথেষ্ট গুরুত্ব পায়নি। এর ফলে দেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলোর অনেকটাই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে এড়ানো সম্ভব।
তিনি বলেন, সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগে ৮০ শতাংশ নারী থাকায় প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে নারীদের মধ্যে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসচেতনতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরিতে তাঁদের কার্যক্রম কার্যকর হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা: আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।


































