বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’
Published : ১২:৫৭, ১৫ নভেম্বর ২০২৬
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টার দিকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২২১। এই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আইকিউএয়ারের লাইভ সূচকে দেখা যায়, দূষিত বায়ুর শহরের তালিকায় ২৫২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৪৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা। ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চীনের বেইজিং। এ ছাড়া ১৭৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ভারতের মুম্বাই এবং ১৭০ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়।
আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ স্কোর হলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে, ২০১ থেকে ৩০০ স্কোর হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।































