ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, বালু ব্যবসার বিরোধের অভিযোগ

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, বালু ব্যবসার বিরোধের অভিযোগ দুর্বৃত্তদের হামলায় নিহত মো. সুরুজামান (৩৫)

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৪৬, ১৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ নগরীতে মো. সুরুজামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

নিহত সুরুজামান মধ্য বাড়েরা এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তাঁর বড় ভাই রোমান কাউসার একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ছোট মেয়েকে সঙ্গে নিয়ে মুজিব মার্কেট থেকে জুতা কিনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সুরুজামান। পথে মার্কেটসংলগ্ন একটি মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বুকে উপর্যুপরি আঘাত করে এবং এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই রোমান কাউসার অভিযোগ করেন, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে একটি প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে সুরুজামানের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

তবে বালু ব্যবসা নিয়ে বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ
Advertisement