একসময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, এখন সংসার চালাতে ইজিবাইক চালান মুকুল
Published : ১২:৩৩, ১৫ নভেম্বর ২০২৬
স্কুলজীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ইউনিয়ন থেকে উপজেলা—দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালে নির্বাচিত হয়েছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। রাজনৈতিক দুঃসময়েও দল ছেড়ে যাননি। অথচ সময়ের ব্যবধানে বদলে গেছে জীবনের বাস্তবতা। পরিবারের খরচ ও সন্তানদের পড়াশোনার ব্যয় মেটাতে এখন ইজিবাইক চালাচ্ছেন একসময়ের পরিচিত ছাত্রদল নেতা রেজওয়ান ইসলাম মুকুল।
রেজওয়ান ইসলাম মুকুল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের মহর আলী মন্ডলের ছেলে। একসময় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ হলেও জীবিকার তাগিদে এখন যশোরের পালবাড়ি এলাকায় ইজিবাইক চালিয়ে দিন কাটছে তাঁর।
জানা যায়, ১৯৮৭ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ছাত্ররাজনীতিতে যোগ দেন মুকুল। পরে বারবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৩ সালে ভোটের মাধ্যমে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ওই কমিটির সভাপতি ছিলেন বর্তমান উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
এরপর আর দলীয় কোনো পদে আসীন হননি মুকুল। তবে রাজনীতি থেকে সরে যাননি। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁর বিরুদ্ধে সাতটি মামলা হয় এবং হুলিয়াও জারি করা হয়। একপর্যায়ে বাধ্য হয়ে ২০১৭ সালে যশোরে চলে যান তিনি। এরপর থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যশোরের পালবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।
মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারান মুকুল। পরে ভাইদের কাছে বড় হন। তাঁর দুই ছেলে রয়েছে। বড় ছেলে সাজিদ হাসান যশোর সরকারি এমএম কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছেন। ছোট ছেলে সোয়াদ হাসান পুলিশ লাইন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
নিজের জীবনের সংগ্রামের কথা তুলে ধরে রেজওয়ান ইসলাম মুকুল বলেন, সততার সঙ্গে রাজনীতি করেছেন তিনি। গত ১৭ বছর রাজনৈতিক মামলা, হামলা ও নানা প্রতিকূলতার কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট করেছেন। ৫ আগস্টের পর চাইলে অনেক টাকা উপার্জন করতে পারতেন, কিন্তু অবৈধ পথে আয় করেননি বলে জানান তিনি।
মুকুল বলেন, পরিবারের ভরণপোষণ ও সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে জীবিকার নতুন পথ বেছে নিতে হয়েছে। গ্রামের বাড়ির দুই বিঘা জমি বন্ধক রেখে যশোরে একটি ইজিবাইক কিনেছেন। সেটি চালিয়ে যা আয় হয়, তা দিয়েই সংসার ও সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে হয়।
তিনি আরও বলেন, কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় কোমরের হাড়ে আঘাত পেয়েছেন। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি। প্রচণ্ড ব্যথা নিয়েই ইজিবাইক চালিয়ে যাচ্ছেন। রোদ-বৃষ্টি ও শারীরিক ক্লান্তি উপেক্ষা করে প্রতিদিন গাড়ি চালাতে হয়। তা না হলে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়া সম্ভব হয় না।
মুকুলের ভাষায়, নিজের কষ্টের চেয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়েই তাঁর দুশ্চিন্তা বেশি। সন্তানদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
কালীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আসিফ আনোয়ার পরাগ বলেন, ২০০৩ সালে তিনি কালীগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি ছিলেন। সে সময় রেজওয়ান ইসলাম মুকুল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর ভাষ্য, মুকুল সততার সঙ্গে রাজনীতি করেছেন এবং রাজনৈতিক অঙ্গনে তাঁর পরিচিতি রয়েছে। দলের সুসময়ে তাঁর ভালো থাকার কথা ছিল। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান মুকুলের প্রতি সুদৃষ্টি দেবেন।
মুকুল যে কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, সেই কমিটির সভাপতি হামিদুল ইসলাম হামিদ বলেন, রেজওয়ান ইসলাম মুকুল যশোরে ইজিবাইক চালান—এ বিষয়টি প্রথমে তেমন কেউ জানতেন না। এখন ধীরে ধীরে সবাই জানতে পারছেন। তাঁর কষ্টের কথা শুনে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ দেখা করতে বলেছেন বলেও জানান তিনি।
ঝিনাইদহ-৪ আসনের সর্বশেষ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, মুকুলের সঙ্গে প্রায়ই তাঁর কথা হয়। তবে তিনি যে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন, তা এই প্রতিবেদকের মাধ্যমে জানতে পেরেছেন। অতীতের আন্দোলন-সংগ্রামের সময় ছাত্রদল ও যুবদলের অনেক নেতাকর্মী গার্মেন্টস শ্রমিক, ইজিবাইকচালক কিংবা রিকশাচালক হিসেবে জীবিকা নির্বাহ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
রাশেদ খান আশা প্রকাশ করেন, দলের সুসময়ে ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীরা মূল্যায়িত হবেন। রেজওয়ান ইসলাম মুকুলের পাশেও নিজের অবস্থান থেকে থাকার চেষ্টা করবেন বলে জানান তিনি।































