শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়ক

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়ক 1 / 1যুক্তরাষ্ট্রের শিকাগোতে এবার সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নামে সড়ক

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩৮, ২৩ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সড়কটির নামফলক উন্মোচন করেছে শিকাগো সিটি কর্তৃপক্ষ।

বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তাঁর ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো সিটি কাউন্সিল সড়কটির নামকরণের চূড়ান্ত অনুমোদন দেয়।

সড়কটির নাম রাখা হয়েছে ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way)। এটি বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। স্থাপনাটি আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল।

সংশ্লিষ্টদের মতে, শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা উইলিস টাওয়ারের পাশে সড়কটির অবস্থান হওয়ায় আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে বেগম খালেদা জিয়ার নাম ও রাজনৈতিক ভূমিকা তুলে ধরার সুযোগ তৈরি হবে। এর আগে ২০১৪ সালে শিকাগোতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেও একটি সড়কের নামকরণ করা হয়েছিল।

এ বিষয়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যারা এই ঐতিহাসিক নামকরণের আবেদন করেছেন, শাহ্ মোজাম্মেল নান্টুসহ তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এই প্রয়াসে সামান্য একজন অংশীদার হতে পেরে আমরা গর্বিত।’

রাষ্ট্রদূত জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটির পক্ষে সর্বসম্মত সুপারিশ করে।

শেয়ার করুনঃ
Advertisement