গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ গ্রেফতারি পরোয়ানা কপি ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের পুরোনো ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৩, ২৬ নভেম্বর ২০২৬

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে রাজধানীর গুলশানে তাঁর বাসায় হাজির হয়েছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) পরোয়ানা নিয়ে তাঁর বাসায় যান।

ওই সময় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গভবনে আয়োজিত একটি মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন মাহমুদুর রহমান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ওই সভায় যাওয়ার কথা ছিল তাঁর।

পুলিশ কর্মকর্তা তাঁকে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা কার্যকর করতেই তিনি বাসায় এসেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় মাহমুদুর রহমান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে আসামি করা হয়। মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।

মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়।

তবে মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশেও স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি।

এদিকে, স্থগিত থাকা মামলার পরোয়ানা তামিল করতে মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল বলে জানা গেছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সাল থেকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়েরের তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত অপরাধ, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়েছিল। এসব মামলার কয়েকটিতে আদালতের রায় হয় এবং সাজাও ভোগ করেন তিনি। মাহমুদুর রহমানের দাবি, বিনা বিচারে তাঁকে দুই দফায় দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পরও শেখ হাসিনার ছেলেকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা একটি মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় তাঁকে।

এদিকে, আইনমন্ত্রী জাতীয় সংসদে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

শেয়ার করুনঃ
Advertisement