আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৬, ২৫ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি আর কখনো বাংলাদেশে ফিরে এসে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে নয়, বরং নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর দলটি রাজনৈতিক দল হিসেবে কোনো স্বীকৃতি পায় না এবং বাংলাদেশের মানুষও তা দেবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও রাজনীতিতে ফিরতে পারেনি। আওয়ামী লীগও ভবিষ্যতে বাংলাদেশে ফিরে এসে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে দেশে ফিরতে চান, তা আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে দেখা গেছে। তবে প্রত্যর্পণ চুক্তি অনুসারেই তার দেশে ফেরার সুযোগ রয়েছে। এ বিষয়ে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। ওই দেশও আইনিভাবে বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার সময় নিয়ে বিভিন্ন ঘোষণার প্রসঙ্গে মন্ত্রী বলেন, নভেম্বর, ডিসেম্বর কিংবা ১৬ ডিসেম্বর—বিভিন্ন সময়ের কথা বলা হচ্ছে। তবে এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পলাতক আওয়ামী লীগ নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্বাঞ্চলে অবস্থান করে দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন। এর মাধ্যমে তারা দেশে থাকা নেতা-কর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। জনগণ এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে প্রাণহানি ও সম্পদের ক্ষতি ছাড়াই আগের অপচেষ্টা প্রতিহত করেছে। ভবিষ্যতে উগ্রবাদী কর্মকাণ্ড, অগ্নিসন্ত্রাস কিংবা জননিরাপত্তা ও সম্পদের ক্ষতির চেষ্টা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনের বিষয়ে মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে অস্থিরতার আশঙ্কা দেখা দেয়, সেখানে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েন নিয়মিত কার্যক্রমের অংশ।

মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তমন্ত্রণালয় সভার মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে দল ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে বলেও জানান তিনি।

গোপালগঞ্জে নাশকতা এবং পুলিশের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা ও সেখানে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।

গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতি এবং মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণ ও চূড়ান্ত করা হয়েছে। প্রকৃত শ্রমিক ও মালিকেরা এতে সন্তুষ্ট বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে গুজব ছড়িয়ে শ্রমিক এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলা করছে এবং এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement