ভারতের পররাষ্ট্রনীতি ‘শোচনীয়’, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি: তথ্যমন্ত্রী
Published : ১৪:৪১, ২৬ নভেম্বর ২০২৬
ভারতের পররাষ্ট্রনীতিকে ‘শোচনীয়’ আখ্যা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান। তিনি বলেছেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানসহ প্রায় সব প্রতিবেশী দেশের সঙ্গেই ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। দেশটির এই পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে আন্দালিব রহমান বলেন, ভারতের পররাষ্ট্রনীতি অত্যন্ত শোচনীয়। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমে এসব কর্মকাণ্ডকে সমর্থন দেওয়ার বিষয়টিও একই নীতির প্রতিফলন।
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তার দেশে ফেরার ক্ষেত্রে বাধা দেওয়ার কিছু নেই। তবে ফিরতে হলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি কীভাবে ফিরতে চান, সেটি তার নিজস্ব বিষয়; তবে আইনগত প্রক্রিয়ার বাইরে যাওয়ার সুযোগ নেই।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময় দেওয়া বক্তব্য এবং আওয়ামী লীগ নেতাদের সীমান্ত এলাকা পরিদর্শনের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। শুধু বক্তব্যের মাধ্যমে বিষয়টি সামনে আনা হচ্ছে। একদিকে বিমানে ফেরার কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত এলাকা পরিদর্শন করছেন—এ ধরনের পরস্পরবিরোধী অবস্থান বিভ্রান্তি তৈরি করছে।
আন্দালিব রহমানের মতে, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরতে চান, সে বিষয়ে আওয়ামী লীগ নেতাদের নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের সময়ে স্বাভাবিক পরিবেশ এবং রাজনৈতিক সম্প্রীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে আওয়ামী লীগের কাছে এই পরিস্থিতি ভালো লাগছে না। বিরোধী দলের সঙ্গে সরকারের সম্পর্ক, অর্থনৈতিক পরিস্থিতি ও সামগ্রিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করেন তিনি। এ সময় দেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, রাষ্ট্রীয় মদদে হত্যা, গুম ও ব্যাংক লুটের মতো ঘটনা বন্ধ রেখে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে পড়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেগুলো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
তথ্যমন্ত্রীর অভিযোগ, এসব উন্নয়ন কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি সরাতে এবং জনমনে আতঙ্ক ছড়াতে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। ভারতের গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট হয়েছে—এমন চিত্র তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আন্দালিব রহমান বলেন, বাংলাদেশে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। সাম্প্রতিক দুর্গাপূজাও দেশের ইতিহাসে অন্যতম বড় পরিসরে উদ্যাপিত হয়েছে। কোনো রাজনৈতিক সংঘাতের ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ক্ষতিগ্রস্ত হলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে বলে মনে করেন তিনি।
তার ভাষ্য, বিজেপির অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশকে ঘিরে এসব বিষয় ভারতের স্থানীয় রাজনীতিতে রাজনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
ভারতের গণমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নেতিবাচক বক্তব্য প্রচারের বিষয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, দেশটির গণমাধ্যমের একটি অংশ নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে এ ধরনের খবর প্রচার করছে। আওয়ামী লীগ কী পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছে এবং দেশের মানুষ কীভাবে তাদের ক্ষমতা থেকে সরিয়েছে, তা সবার জানা। বাংলাদেশে বর্তমানে কী পরিস্থিতি বিরাজ করছে, সেটিও মানুষের কাছে স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।
আন্দালিব রহমানের মতে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে যেসব বিষয় থেকে সুবিধা পাওয়া যায়, সেগুলোর সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গ যুক্ত করে প্রচার করা হচ্ছে।




























