মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার, ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

Published : ১৪:০৭, ২৬ নভেম্বর ২০২৬

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা বলেও জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাতে পল্লবী থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও গোয়েন্দা সূত্রের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। এ পরিকল্পনার অন্যতম মূল হোতা হিসেবে তসলিম চৌধুরীর নাম উঠে এসেছে।

পুলিশের অভিযোগ, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় অর্থের বিনিময়ে পোশাকশ্রমিকদের সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তিনি। এ ঘটনায় তসলিম চৌধুরীর শ্যালকের সম্পৃক্ততা রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ
গোয়েন্দা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তসলিম চৌধুরী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের অনুসারী হিসেবে পরিচিত। মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের আর্থিক বিষয়ও তিনি দেখভাল করতেন বলে সূত্রগুলো জানিয়েছে।

সূত্রের দাবি, কারাগারে বন্দী কামাল আহমেদ মজুমদার ও তাঁর ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন তসলিম চৌধুরী। সর্বশেষ গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন তিনি।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন তসলিম চৌধুরীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য, মামলার বিবরণ এবং অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 
শেয়ার করুনঃ
Advertisement