প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৬, ২৬ নভেম্বর ২০২৬

দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ ও কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি। পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজস্ব উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করা গেলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। মেধাসমৃদ্ধ জাতি গঠনে পুষ্টি নিরাপত্তার পাশাপাশি প্রাণিজ আমিষ নিশ্চিত করাও জরুরি। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে আসে বলে জানান তিনি।

চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট—এই ছয় মাসে প্রাণিসম্পদ খাতে রপ্তানি আয় হয়েছে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার। এ খাতের বিকাশে সরকার নীতিগত ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে। এ সময় খাতটির সাফল্যের জন্য খামারিদের অবদানের কথাও তুলে ধরেন তিনি।

রপ্তানির সম্ভাবনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানিতেও সক্ষম হয়েছে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

পোলট্রি শিল্পের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত, যাঁদের ৪০ শতাংশ নারী। পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

প্রধানমন্ত্রী আরও জানান, দেশে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকা নির্বাহের জন্য পশুপালন করেন। তাঁদের সহায়তায় পশুর চিকিৎসা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার পদক্ষেপ নিয়েছে।

প্রাণিসম্পদ খাতের অন্যতম প্রধান বাধা হিসেবে রোগবালাইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশু চিকিৎসায় ইতোমধ্যে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এ উৎপাদন পর্যাপ্ত নয়। তাই সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে।

মহিষ পালনের সম্ভাবনা কাজে লাগাতে উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরে নতুন চর ও সরকারি খাসজমি সমবায়ের ভিত্তিতে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দের বিষয়ে উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

পোষা প্রাণীর অধিকার নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শহরাঞ্চলে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ছে। এসব প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা, আঘাত, রোগ, ভয় ও মানসিক যন্ত্রণা থেকে প্রাণীদের মুক্ত রাখার পাশাপাশি স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ দিতে হবে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য তুলে ধরে তারেক রহমান বলেন, এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা হয়। খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগাতে পারলে বাংলাদেশ বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।

প্রাণিজ পণ্য রপ্তানিতে আন্তর্জাতিক মান নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, বিশ্ববাজারে প্রবেশের জন্য খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে মেনে চলতে হবে। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানের প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে।

শেয়ার করুনঃ
Advertisement