ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল আমদানির অনুমোদন
Published : ১৭:১৮, ২৬ নভেম্বর ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহের অনিশ্চয়তার মধ্যে আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য প্রায় ৮ হাজার ১০ কোটি টাকার ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব আমদানি প্রস্তাব অনুমোদন করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যয়ে কেনা হবে হাই সালফার ফার্নেস অয়েল (১৮০ সিএসটি)। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে এই তেল কিনতে ব্যয় হবে প্রায় ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ টাকা।
একই প্রতিষ্ঠান থেকে দুটি প্যাকেজে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল বা ডিজেল কেনা হবে। এর একটি প্যাকেজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৬০ কোটি ৪১ লাখ টাকা এবং অন্যটিতে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ টাকা।
এ ছাড়া ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে প্রায় ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ টাকায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন আমদানি করা হবে।
তবে ডিজেল ও জেট এ-১ আমদানির আরও দুটি প্যাকেজের প্রস্তাব বৈঠকে উত্থাপন করা হলেও সেগুলো অনুমোদন পায়নি। প্রস্তাব দুটি আরও পর্যালোচনা করে পরবর্তী সময়ে কমিটির বৈঠকে উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের এই প্রস্তাবে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা। প্রতি টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ ডলার। ইউএস হুইট অ্যাসোসিয়েটসের ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড এই গম সরবরাহ করবে।
একই বৈঠকে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগভর্তি গ্র্যানুলার ইউরিয়া এবং কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) কাছ থেকে জিটুজি চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।




























