টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:

Published : ২১:৫৪, ২৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় আওয়ামী লীগের ২৬ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৮ হাজার জনকে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

এর আগে গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার এসআই কামরুল আহম্মেদ বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় নাম উল্লেখ করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সর্দার, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ ২৬ জন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত একটি সংঘবদ্ধ দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এ সময় হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে হামলাকারীরা থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পাশাপাশি সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়।

অস্ত্র ও গোলাবারুদ লুট, ক্ষতি ২১ কোটি টাকা
মামলার বিবরণ অনুযায়ী, ওই দিন থানার অস্ত্রাগার থেকে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল লুট করা হয়।

এ ছাড়া লুট হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি; একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি; এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি।

এজাহারে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা বলে মামলায় দাবি করা হয়েছে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা, দণ্ডবিধি এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 
শেয়ার করুনঃ
Advertisement